ঢাকা অফিস।।
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি পদে আগ্রহী প্রার্থীদের ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। গতকাল বুধবার এই ভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগের দিন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করার পর গতকাল বুধবার বেলা ১১টায় সিইসির নেতৃত্বাধীন কমিশন সভা অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমের কাছে তফসিল তুলে ধরেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৩ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার, যিনি এ নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’। নির্বাচনী
কর্তার কার্যালয়ের (প্রধান নির্বাচন কমিশনারের অফিসে নির্ধারিত দিনে অফিস চলাকালে) মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, মেয়াদ অবসানের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ক্ষেত্রে মেয়াদপূর্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ফলে ২৪ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের।











































