ঢাকা অফিস।।
দেশে বর্তমানে এইচআইভি পজিটিভ রোগী শনাক্তের সংখ্যা নয় হাজার ৭০৮ জন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (২২ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খানের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান।
সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাহিদ মালেক বলেন, বর্তমানে বাংলাদেশে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা নয় হাজার ৭০৮ জন, এরমধ্যে চিকিৎসাধীন রয়েছেন ছয় হাজার ৭৫ জন। আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন এক হাজার ৮৯০ জন। এইচআইভি রোগীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এগুলো হলো- ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ, ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা, আটটি এনজিও প্রতিষ্ঠান হতে ড্রাগ ইউজারদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা, সরকারি-বেসরকারি মিলে ১৩৪টি ড্রপ-ইন-সেন্টার থেকে এইচআইভি প্রতিরোধমূলক সেবা দেওয়া।











































