Home জাতীয় ফেব্রুয়ারিতে সিপিবির গণজাগরণ অভিযাত্রা

ফেব্রুয়ারিতে সিপিবির গণজাগরণ অভিযাত্রা

7

 

ঢাকা অফিস।।

বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জাতীয় সম্পদ রক্ষা, পাচারের টাকা উদ্ধার, রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান খোলার দাবিতে ২৮ ও ২৯ জানুয়ারি দেশের সব জেলা-উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে ফেব্রুয়ারি মাসজুড়ে ভোট ও ভাতের দাবিতে বিভাগীয় সদর, জেলায়-উপজেলায় সমাবেশ ও পদযাত্রা করবে দলটি।

রাজধানীর শাহবাগে সিপিবির সমাবেশ ও লাল পতাকা মিছিল থেকে শুক্রবার ঘোষণা দেয়া কর্মসূচির মধ্যে আরও রয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণজাগরণ অভিযাত্রা, ৬ মার্চ ঝটিকা সফর ও দলের ৭৫তম বার্ষিকীতে মাসব্যাপী নানামুখী কর্মসূচি।

সমাবেশে সভাপতির বক্তব্যে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, দেশে সংঘাতের রাজনীতি চলছে। গণতন্ত্র আজ নির্বাসনে। রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে ও ভয়ের রাজনীতি চলছে। হামলা-মামলাসহ চলছে সর্বত্র দলীয়করণ। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। ঋণখেলাপিদের ঋণ উদ্ধারে সরকারের কোনো ভূমিকা নেই। সরকার আইএমএফের সঙ্গে অযৌক্তিক চুক্তি করেছে। ইতিমধ্যেই বিদ্যুৎ, গ্যাসের দাম বেড়ে গেছে। আমরা বলতে চাই, উন্নয়ন ও গণতন্ত্র পরস্পর বিরোধী নয়।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশে দুর্নীতি ও লুটপাটের মহোৎসব চলছে। বাংলাদেশে বর্তমানের নীতি হলো ‘যে করে আয় তার পকেট ফাঁকা, আর যে আয় করে না তার পকেট থাকে মোটা’। দেশের কমিউনিস্ট পার্টি এ ব্যবস্থা বদলের জন্য লড়াই করছে। বামপন্থি কমিউনিস্টরা করে নীতিনিষ্ঠ রাজনীতি। বর্তমানে দুর্নীতি-দুঃশাসন ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলেছে। বাংলার জনগণকে তাদের প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, অনেকে স্লোগান দিচ্ছে ‘টেক ব্যাক বাংলাদেশ’। কিন্তু আমরা বলি, সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা বদলাতে হবে। আমরা ক্ষমতায় গেলে জিনিসপত্রের দাম কমাব, ফড়িয়াদের দৌরাত্ম্য কমাব, সিন্ডিকেট ভেঙে দেব। সরকার কমিউনিস্টদের, বামপন্থিদের উপেক্ষা করে, কেননা কমিউনিস্টরা ক্ষমতায় এলে তারা লুটপাট করতে পারবে না। আমাদের সামনে বড় সংকট এই দুঃশাসন।

দলের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বামপন্থিদের নেতৃত্বে বিকল্প গড়ে তুলতে হবে। রাজনীতিকে আওয়ামী লীগ ও বিএনপির কাছে কুক্ষিগত রাখার বিরুদ্ধে আমাদের লড়াই। ২০০১ সালে পল্টনের মহাসমাবেশে বোমা হামলায় আমাদের পাঁচজন শহীদ হয়েছিলেন। তারা শহীদ হয়েছিলেন দুঃশাসনের বাইরে বিকল্প শক্তির উত্থানের দাবিতে আন্দোলন করতে গিয়ে।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আওয়ামী লীগের বর্তমান দুঃশাসন নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। দেশ এখন দুভাগে বিভক্ত। একদিকে না খাওয়া মানুষ, অন্যদিকে মুষ্টিমেয় লুটেরা ধনী। আওয়ামী দুঃশাাসন হটাতে হবে। মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য মেহনতি মানুষকে রাস্তায় নামতে হবে। বামপন্থিদের একত্র করতে হবে। কমিউনিস্ট পার্টি বর্তমানে ক্ষমতার কথা ভাবার কথা শুরু করেছে। আমরা বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলব।