স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর বৈকালী সিএসডি গুদামের প্রাচীরের ওপর দিয়ে বাইরের সড়কে পড়লো খাদ্য বিভাগের সিল মারা দুই বস্তা চাল। পরে চার ব্যক্তি ওই বস্তা ভ্যানে তুলে নেওয়ার সময় প্রশাসনের লোক এসে পড়ায় তারা পালিয়ে যায়। কিন্তু খাদ্য বিভাগ বলছে, সেগুলো সরকারি চাল না। রবিবার (১০ মে) এ ঘটনা ঘটে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, চালের সঙ্গে কাউকে আটক করা যায়নি। খাদ্য বিভাগের সিল মারা চাল জব্দ করার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মাদ তানভীর রহমান বলেন, ‘খাদ্য অধিদফতরের বস্তা এখন যেখানে-সেখানে পাওয়া যায়। ওই চাল আমাদের নয়। গুদামের চালের হিসাব ঠিক আছে।’
স্থানীয়রা জানায়, বৈকালী খাদ্য গুদামের সীমানা প্রাচীরের পাশে বালু ফেলে উঁচু করা হয়েছে। ওই জায়গা দিয়ে প্রায়ই চাল প্রাচীর টপকে বাইরে পড়ে। পরে কিছু লোক এভাবেই ওই চালের বস্তা নিয়ে চলে যায়। রবিবার বেলা সাড়ে ১২টার দিকেও বৈকালী সিএসডি গোডাউনের সীমানা প্রাচীর টপকে দুই বস্তা চাল সড়কে পড়ে। সেখান থেকে ওই চালের বস্তা নিয়ে চার জন রিকশায় ওঠায়। ঘটনার সময় তাৎক্ষণিকভাবে একটি গোয়েন্দা সংস্থার সদস্য যাওয়ার সময় ওই ব্যক্তিরা চাল ফেলে পালিয়ে যায়। তখন গোয়েন্দা কর্মকর্তা খালিশপুর থানা পুলিশকে ফোন করলে পুলিশ এসে চাল জব্দ করে থানায় নিয়ে যায়।’











































