নিজস্ব প্রতিনিধি।।
নির্জন বাঁশঝাড়ে দীর্ঘ সারি। পাশেই পানিভর্তি বোতল। এসব বোতল রেখে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট কিছু সময়। ঠিক দুই ঘণ্টা পর বোতলের পানি পান করলেই নাকি সারছে সব ধরনের জটিল রোগ। রোগমুক্তির এমনই আশায় বাঁশঝাড়ের নিচে পানি রাখতে ভিড় জমান নারী-পুরুষরা। তবে খবরটি হাস্যকর আর গুজব বলে দাবি সচেতন মহলের।
গুজব হলেও মানতে নারাজ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া গ্রামের লোকজন। গ্রামটির হাইস্কুলপাড়ার মাঠের পাশে নির্জন এ বাঁশঝাড়ে বোতল নিয়ে রীতিমতো ভিড় করছেন তারা। রোগ সারার আসায় আশপাশের এলাকার লোকজনও আসছেন। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার বাঁশঝাড়ের পানি নিতে ভিড় জমান এ গ্রামে।
সরেজিমনে দেখা গেছে, বাঁশঝাড়টি বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষদের বোতল সারিবদ্ধ রাখছেন স্থানীয় কিছু লোক। দিচ্ছেন বিভিন্ন দিক-নির্দেশনাও। কেউ কেউ জ্বালিয়ে রাখছেন আগরবাতি। এসব চলছে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বাঁশঝাড়টির মালিক পচামাদিয়া গ্রামের খাইরুল ইসলাম। তিনি বলেন, দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন আমার স্ত্রী ফিরোজা। বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েও সুস্থ হচ্ছিলেন না। বেশ কিছুদিন আগে রাতে স্বপ্নে বাঁশঝাড়ের এ দৃশ্যটি দেখেন স্ত্রী। স্বপ্ন দেখে বাঁশঝাড়ের নিচে পানি রেখে খাওয়ার পর এখন পুরোপুরি সুস্থ। খবরটি ছড়িয়ে পড়ার পর অনেকেই এভাবে পানি খেয়ে উপকার পেয়েছেন।
খাইরুল বলেন, বিষয়টি গুজব নয়। লোকজনের কাছে আমরা টাকাও নেই না। কোনো ধান্দাও করি না। শনিবার ও মঙ্গলবার হাজারো মানুষ আসেন এখানে। তবে সুস্থ হয়ে লোকজন খুশি হয়ে টিউবওয়েল বসানোর জন্য টাকা দিয়েছেন। অনেকে মিষ্টিও বিতরণ করেছেন।
পাশের গ্রাম দৌলতপুর থেকে আসা ওমর আলী বলেন, আমার স্ত্রী পেটের ব্যথায় ভুগছিলেন। দুই সপ্তাহ এখানকার পানি খেয়ে সুস্থ। আমার কাছে কেউ টাকা চাননি।
মাজেদা খাতুন বলেন, দৌলতপুর থেকে রোগমুক্তির জন্য পানি রাখতে এসেছি। শুনেছি অনেকে সুস্থ হয়েছেন। তাই আমিও এসে পানি রেখেছি।
তেলিগাংদিয়া গ্রামের ৬৫ বছর বয়সী মুশারেফ হোসেন বলেন, আমি স্ট্রোক করেছিলাম। এরপর থেকে হাতে পায়ে শক্তি পেতাম না। দুদিন এখানে পানি রেখে খেয়েছি। এতেই অনেকটা সুস্থ অনুভব করছি।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, এসব বিজ্ঞানসম্মত নয়। এসব কুসংস্কার। আর কুসংস্কারে এখনো এক শ্রেণির মানুষ আকৃষ্ট।
দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার বলেন, বিজ্ঞানে এ ধরনের কোনো কিছুরই অস্তিত্ব নেই। বিষয়টি শোনার পর সেখানে লোক পাঠানো হয়েছিল। কারো সঙ্গে প্রতারণা করা হচ্ছে কিনা বিষয়টি দেখা হচ্ছে।











































