যশোর অফিস।।
যশোর শহরের বহুল আলোচিত চুন্নু ও তার বোন মিলির বিরুদ্ধে প্রতারনা অভিযোগে যশোর কোতয়ালী মামলা হয়েছে। শুক্রবার মামলাটি দায়ের করেন চুন্নুর ভগ্নিপতি পুলিশ লাইন টালি খোলার জিকরুল ইসলাম। দায়েরকৃত মামলায় তিনি উল্লেখ করেছেন, বাদির শ্যালক আলী মাহমুদ মিয়া চুন্নু ও শালি রিজিয়া সুলতানা মিলি প্রতারনা করে ঘরের ডিপ ফ্রিজ, সোপাসহ ঘরে থাকা বিদেশী বিভিন্ন মালামালসহ ৬ লাখ টাকা প্রতারনা করে হাতিয়ে নিয়েছে। ফেরত চাইলে চন্নু- মিলি তাকে হত্যার হুমকি দেয়। বিভিন্ন ভাবে দেন দরবার করে ফেরত না পেয়ে তিনি মামলা করতে বাধ্য হয়েছেন। জিকরুল ইসলাম খুলনাঞ্চলকে বলেন, আমি ৮ বার হজ্ব করে এসেছি। বোঝার পরে এক ওয়াক্ত নামাজ কাজা করেছি বলে মনে পড়ে না। আমার স্ত্রী মারা যাওয়ার পরে চুন্নু ও মিলি আমার তৃতীয়তলা বাড়ি লিখে দিতে বলে আমি রাজি হয়নি। সে কারনে আমার বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করে , নড়াইলে চাদাবাজী মামলাও দিয়েছিলো । আমার স্ত্রীর সাত ভরি সোনার গহনা আত্মসাত করেছে এ ঘটনায় আদালতে মামলা করেছি । চুন্নুর বিরুদ্ধে তিনটি জিডি করেছি। আসামি চুন্নু ও মিলি আমার বাড়ির তিনতলা জোর করে থাকে। মামলার আসামি রিজিয়া সুলতানা মিলি পুরাতনকসবা টালিখোলার মিরাজুল ইসলামের স্ত্রী।
মামলার অভিযোগে জানা গেছে, রিজিয়া সুলতানা মিলি ভাড়াটিয়া হিসেবে জিকরুল ইসলামের বাড়িতে বসবাস করতেন। সেই সুবাদে মিলি বাড়ির মালিকের বাসায় যাতায়াত করতেন। এরমধ্যে তার সাথে মনমালিণ্যের সৃষ্টি হলে জিকরুল ইসলামের ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করেন। ২০২১ সালের ৫ মে অপর আসামিরা সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এনিয়ে শালিসে দ্রুত টাকা পরিশোধ করার অঙ্গীকার করলেও মিলি ও চুন্নু টাকা পরিশোধ না করে ঘোরাতে থাকেন। পাওনা টাকা ও মালামাল ফেরত চাইলে আসামিরা খুন জখমের হুমকি দিচ্ছেন। অবশেষে টাকা ও মালামাল উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি ওই দুইজনকে আসামি করে কোতয়ালি থানায় এ মামলা করেছেন।
জানতে চাইলে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম চৌধুরী বলেন, মালামাল জব্দ এবং আসমি চুন্নু ও মিলিকে আটকের জন্য পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘরে তালা মেরে পালিয়ে যায়।











































