খুলনাঞ্চল রিপোর্ট।।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ২৮ বছর ক্ষমতায় থেকে বিএনপি দেশের জনগণকে কী দিয়েছে? তারা সার-বিদ্যুতের দাবিতে আন্দোলন করা ২১ জন কৃষককে হত্যা করেছে। রাজশাহীর বাঘমারায় বাংলা ভাই তৈরি করেছে, দেশে খুনের রাজত্ব কায়েম করেছে। দেশকে সংকটে ফেলেছে, গুম-হত্যা ও লুটপাট চালিয়েছে। অপরদিকে আওয়ামী লীগ দেশে শান্তি ও উন্নয়ন ফিরিয়ে এনেছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। ২৯ জানুয়ারি রাজশাহীতে শেখ হাসিনার মহাসমাবেশ ও ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে এ সম্মেলন হয়েছে।
এস এম কামাল বলেন, নির্বাচনের আগে বিএনপি বলেছিল- আওয়ামী লীগকে বিজয়ী করলে দেশ ভারত হয়ে যাবে। কিন্তু হয়েছে তার উল্টো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে পানিচুক্তি করেছেন। ভূমিহীন-গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের ঘর দিয়ে বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভোট ডাকাতি করেছে, মানুষ খুন ও লাশ গুম করেছে। তারা জনগণের জন্য কিছুই করেনি। কিন্তু আমরা গর্ব করতে পারি, শেখ হাসিনা মানবতার দিক থেকে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। সারাবিশ্ব বলছে- সংকট নিরসনে শেখ হাসিনার বিকল্প নেই।
আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, ২০২২ সাল ছিল বাংলাদেশের তাক লাগানোর বছর। উন্নয়নের মাইলফলকের বছর। গত বছর পদ্মাসেতু, মেট্রোরেলের মতো বড় প্রকল্প, সারাদেশে একযোগে ১০০টি সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত উন্নয়নের পরও নৌকার বিজয় না হলে আওয়ামী লীগের কোনো পদ-পদবিতে থাকার কারো যোগ্যতা নেই। সালিশ করার জন্য ইউনিয়ন পর্যায়ে সভাপতি সাধারণ সম্পাদক বানানো হয়নি। শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে দেওয়াই আপনাদের কাজ। শেখ হাসিনা যে মর্যাদা দিয়েছেন, সেটা সবাইকে রক্ষা করতে হবে।
প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রমুখ।











































