Home আঞ্চলিক স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

8

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের মনিরামপুরে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের সাথে আঘাত লেগে শি‌রিনা আক্তার কণা (২৪) না‌মে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের মুড়াগাছা বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত কণা মনিরামপুরের তাজপুর গ্রামের রুহুল কুদ্দুসের স্ত্রী। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ সময় গৃহবধূর স্বামী আহত হয়েছেন। তিনি স্বামীর মোটরসাইকেলে চড়ে যশোর শহরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন।
রোহিতা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, আজ (শুক্রবার) সকালে রুহুলকুদ্দুস তাঁর স্ত্রী কণাকে নিয়ে যশোরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। তাঁরা মুড়াগাছা বাজারে পৌঁছুলে বিপরীত দিক থেকে একটি ট্রাক পার হচ্ছিল। ট্রাকের সামনের অংশ পার হলে মোটরসাইকেল থেকে গৃহবধূ পড়ে যান। এরপর পরই পড়ে যান রুহুল কুদ্দুস। এসময় ট্রাকের পিছনের চাকায় ধাক্কা লাগে কণার। কণা দু মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন, দ্রুত গৃহবধূকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন কণা।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরু‌রি বিভাগের চি‌কিৎসক বি‌চিত্র ম‌ল্লিক জানান, স্বামী-স্ত্রী দুজন গুরুতর আহত হয়েছেন। স্বামীকে চি‌কিৎসা দেওয়া গেলেও অতি‌রিক্ত রক্তক্ষরণে গৃহবধূর মৃত্যু হয়েছে।