নিজস্ব সংবাদদাতা ।।
ভারতে এক বছর কারাভোগের পর একই পরিবারের ৫ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।
ভালো কাজের প্রলভনে পড়ে অবৈধভাবে সীমান্ত পথে পাচার হয় ৫ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু।
ফেরত আসা ৫ বাংলাদেশিরা হলেন- যশোরের মুজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২০), বাগেরহাটে জালাল হাওলাদারের ছেলে কাওছার হাওলাদার (৪০), কুলসুম খাতুন (২৯), মুছা হাওলাদার (১৫) ও আমানুল হাওলাদার (৫)। এরা সবাই একই পরিবারের সদস্য।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ফেরত আসা বাংলাদেশি ৫ নারী, শিশু ও পুরুষকে ভারতীয় পুলিশ তাদের কাছে হস্তান্তর করেছে। ফেরত আসা পরিবারকে আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছেন।
জাস্টিস অ্যান্ড কেয়ারের মাঠ কর্মকর্তা রোকেয়া খাতুন জানান, গত দেড় বছর আগে এরা সবাই ভালো কাজের প্রলোভনে পাচারকারী দালালদের মাধ্যমে ভারতের পশ্চিমবংগে যায়।
সেখানে যাওয়ার পর তাদের ভালো কাজ না দিয়ে জোরপূর্বক ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করে। খবর পেয়ে সেখানকার পুলিশ তাদেরকে উদ্ধার করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের এক বছরের জেল প্রদান করেন। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদের দেশে ফেরত আনা হয়।











































