স্পোর্টস রিপোর্টার।।
আগের ওভারে ১০ রান নিয়ে কাজটা গুছিয়েই রেখেছিলেন ইফতিখার আহমেদ-করিম জানাত। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৪ রানের। অফস্পিনার শেখ মেহেদী হাসান প্রথম বলটা দিলেন ডট। পরের ডেলিভারি ওয়াইড। দ্বিতীয় বলে ছক্কা হাঁকালেন ইফতিখার। গ্যালারিতে থাকা ফরচুন বরিশালের সমর্থকরা নেচে উঠলেন আনন্দে। বিপিএলে বরিশালের শুরুটা ছিল হার দিয়ে। গতকাল মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম জয়ের দেখা পেল তারা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের দেওয়া ১৫৯ রানের টার্গেট ৪ বল ও ৬ উইকেট হাতে রেখে টপকে যায় সাকিব আল হাসানের দল। বোলিংয়ে ২১ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে মিরাজ ২৯ বলে খেলেন ৪৩ রানের ইনিংস।
যাতে রয়েছে পাঁচটি চারের মার। জিতেছেন ম্যাচসেরার খেতাব । খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘উইকেট ভালো থাকায় আমরাও ভালো খেলেছি। চেষ্টা করেছিল ঠিক জায়গায় বল ফেলার। টপ অর্ডারে ব্যাটিং বরাবরই পছন্দ করি। উপভোগ করি।’ মিরাজ ছাড়াও বরিশালের জয়ে অবদান রাখেন ইব্রাহিম জাদরান। আফগান এই ব্যাটার ৪১ বলে করেন ৫২ রান। পাঁচ চারের সঙ্গে দুই ছক্কায় ইনিংসটি সাজান তিনি। ইফতিখার আহমেদ ১৮ বলে ২৫ এবং করিম জানাতের ১৪ বলে ২১ রানের ইনিংসে সহজ জয় কুড়ায় বরিশাল। রান তাড়ায় ১৮ রানেই ২ উইকেট হারিয়ে বসেছিল ফরচুন বরিশাল। রাকিবুল হাসানের করা ইনিংসের প্রথম ওভারেই আউট চতুরঙ্গ ডি সিলভা (১)। চতুর্থ ওভারে এসে এনামুল হক বিজয়কে (১৫) এলবিডব্লু’র ফাঁদে ফেলেন সিকান্দার রাজা। তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরানের সঙ্গে জুটি বাঁধেন মিরাজ। দু’জনে ৫৮ বলে ৮৪ রান জড়ো করে স্কোরবার্ডে। দলীয় ১০২ রানে রবিউল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন মিরাজ। ৪০ বলে ফিফটি পূর্ণ হয় জাদরানের। বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই জাদরান পেলেন ফিফটির দেখা। ১২৪ রানের মাথায় তিনি আউট হয়ে গেলেও জয় পেতে সমস্যা হয়নি বরিশালের। ইফতিখার-জানাতের ২৪ বলে ৩৮* রানের অবিচ্ছিন্ন জুটি গন্তব্যে পৌঁছে দেয় সাকিব বাহিনীকে। ম্যাচের পর বরিশাল অধিনায়ক সাকিব বলেন, ‘আমার মনে হয়, আজ আমরা তুলনামূলক ভালো খেলেছি। ১০ ওভার পর্যন্ত ওরা ব্যাটিংয়ে ছন্দে ছিল। তবে ম্যাচের দ্বিতীয় ভাগে আমরা মোমেন্টাম পাল্টে দিতে পেরেছিলাম। ব্যাটিংয়ে অহেতুক কোনো চ্যালেঞ্জ নিইনি। ইব্রাহিম জাদরানের সঙ্গে মিরাজের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল। টস জিতে প্রথমে বোলিং নেওয়া, তারপর প্রথম বলেই উইকেট পাওয়ার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমার মনে হয়, এই বিপিএলে বোলারদের সাফল্য পেতে পরিশ্রম করতে হবে। কম্বিনেশনের কারণে প্রথম ম্যাচে ইব্রাহিম জাদরানকে খেলানো হয়নি। তবে তার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না। আফগানিস্তানের হয়ে তাকে আমরা ভালো খেলতে দেখেছি। তার জন্য আনন্দ লাগছে।’ টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে হার দেখলো রংপুর। অধিনায়ক সোহান ম্যাচের পর আক্ষেপ করে বলেন, ‘শোয়েব (মালিক) ভালো ব্যাট করেছে। কিন্তু তাকে যথেষ্ট সাপোর্ট দিতে পারিনি আমরা। ১০-১৫ রান কম হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে উইকেট ব্যাটারদের সুবিধা দিয়েছে বেশি। মিডল ওভারগুলোতে কোনো ব্রেকথ্রু পাইনি। যার মূল্য চুকাতে হয়েছে আমাদের।’ মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে শোয়েব মালিকের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ১৫৮ রান তোলে রংপুর রাইডার্স। মেহেদী হাসান মিরাজ ছাড়াও বরিশালের হয়ে চতুরঙ্গ ডি সিলভা দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান অধিনায়ক সাকিব আল হাসান, ইবাদত হোসেন ও করিম জানাত। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় রংপুর। প্রথম ওভারের প্রথম বলে মোহাম্মদ নাঈমকে আউট করেন সাকিব। ৪১ রান করতে আরও দুই উইকেট হারায় রংপুর। মেহেদী হাসান ৬ এবং সিকান্দার রাজা ২ রানে সাজঘরে ফেরেন। এরপর শোয়েব মালিকের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন দারুণ ছন্দে থাকা রনি তালুকদার। ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪০ রানে রনি ফিরলে ভাঙে এই পার্টনারশিপ। তবে ফিফটি হাঁকান শোয়েব মালিক। ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। ১৮* রান করেন রবিউল হক। এছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১২ রান।











































