খুলনাঞ্চল ডেস্ক।।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর উগ্র ডানপন্থী সমর্থকেরা গতকাল রোববার দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি ভবনে তাণ্ডব চালিয়েছে। গত বছরের অক্টোবরের নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি বলসোনারো, সেইসঙ্গে তার বহু সমর্থকেরাও পরাজয় মেনে নিতে পারেননি। তারই প্রেক্ষিতে গতকাল এই নজিরবিহীন হামলা। এদিকে মেটা বলেছে, তারা ব্রাজিলের কংগ্রেসে হামলার ঘটনাকে “সহিংসতার ঘটনা” বলে চিহ্নিত করেছে এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বার্তা সরিয়ে নিতে বা ব্লক করতে শুরু করেছে।
মেটার একজন মুখপাত্র বিবিসিকে বলেছে যে, মানুষকে অস্ত্র কিংবা খালি হাতেই কংগ্রেস, প্রেসিডেনশিয়াল প্যালেস কিংবা সরকারি ভবনে হামলা চালানোর আহ্বান সংক্রান্ত পোস্ট তারা তাৎক্ষনিকভাবে সরিয়ে ফেলছে।
মেটার মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। তিনি বলেন, আমরা এই ঘটনাকে সহিংস ঘটনা হিসেবে চিহ্নিত করছি, তার মানে হচ্ছে এই ঘটনাকে সমর্থন বা প্রশংসা করবে এমন সব বার্তাও সরিয়ে ফেলা হবে। আমরা সক্রিয়ভাবে এই ঘটনার উপর নজর রাখছি এবং আমাদের নীতিবিরোধি সব কন্টেন্ট আমরা সরিয়ে ফেলা অব্যাহত রাখবো।
এর আগে মেটা এ ধরণের আরো ঘটনাকে সহিংস হিসেবে চিহ্নিত করেছে। গত বছরের ৬ই জানুয়ারির যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনা। এই নীতির আওতায় কোম্পানীটি ক্ষতিকর কন্টেন্ট দ্রুত সরিয়ে ফেলতে সক্ষম হয়।











































