Home জাতীয় এখন ব্যাংক ডাকাতি করতে অস্ত্র লাগে না : গয়েশ্বর

এখন ব্যাংক ডাকাতি করতে অস্ত্র লাগে না : গয়েশ্বর

12

খুলনাঞ্চল রিপোর্ট।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগে ছেলেছোকরারা অস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করত। তবে এখন আর অস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি হয় না। ব্যাংকের পুরো ট্রেজারিই খালি করে দেওয়া হচ্ছে। একে-৪৭ রাইফেল নিয়ে গেলেও ব্যাংকগুলোর কোনো শাখাতে এক কোটি টাকা পাওয়া যায় না।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে ‘১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা : ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। রাজশাহী মহানগর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ সরকার আবারও নিজেদের মতো করে নির্বাচন করার লক্ষ্যে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে এটা পরিবর্তন করা যাবে না। তৎকালীন সময়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন শুরু করলে বিএনপি গণতন্ত্রের স্বার্থে সংসদের মাধ্যমে আইন পাস করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে। অথচ এই সরকার ক্ষমতায় এসে সংবিধান বার বার পরিবর্তন করলেও তত্ত্বাবধায়ক নিয়ে কোনো তারা কাজ করছে না। আর বাংলাদেশে এমন কোনো ব্যক্তি ও রাজনৈতিক নেতা নেই যে আদালত থেকে জামিন পাননি। অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা কারণে সাজা দিয়ে জেলে রাখা হয়েছে।
গয়েশ্বর অভিযোগ করেন, এ সরকার ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রতিটি পণ্যের দাম জনসাধারণের নাগালের বাইরে নিয়ে গেছে। এখন মানুষ অত্যন্ত অসহায়ভাবে জীবন-যাপন করছে। অথচ সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। এ অন্যায় থেকে বাঁচতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনযন্ত্র ব্যবহার করে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু এ আশায় ছাই ছিটিয়ে দেবে বিএনপি। এজন্য দেশব্যাপী সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ।