Home জাতীয় নুরের বিরুদ্ধে দুই থানায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ

নুরের বিরুদ্ধে দুই থানায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ

13

খুলনাঞ্চল রিপোর্ট।।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে দুটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানা এবং নোয়াখালীর সুধারাম মডেল থানায় ভিন্ন ভিন্ন দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) শাহবাগ থানায় এবং রবিবার (৮ জানুয়ারি) নোয়াখালীর সুধারাম মডেল থানায় অভিযোগ দুটি দায়ের করা হয়।

জানা যায়, নোয়াখালীর সুধারাম থানায় ডিউটি অফিসারের হাতে অভিযোগপত্রটি তুলে দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালীর সভাপতি সাফায়েত হোসেন। সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে শাহবাগ থানায় ডিউটি অফিসারের হাতে অভিযোগপত্র তুলে দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই, বাংলাদেশ গণঅধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নুর ওমরা হজ করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ইতোমধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আল্লাহর পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইয়াহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নুর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীনচক্রান্তে লিপ্ত। ইসলামের খোলসে মাথা নেড়িয়ে টুপি পরে জুয়িশ জায়নবাদী প্রজেক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে এবং সরকারের পদস্থ বিভিন্ন ব্যক্তিকে ফেসবুক লাইভে হুমকি-ধামকি দিচ্ছে। বাংলাদেশ রাষ্ট্র নিপীড়িত ফিলিস্তিনদের অধিকারের পক্ষে সবসময় থাকলেও ইজরাইল ও মোসাদের সহযোগিতায় নুরুল হক নুর ও তার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ সাধারণ নেতাকর্মীদের উস্কে দিয়ে রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ-বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন বলে প্রতিষ্ঠিত বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত বিধায় নুরুল হক নুর রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ সংগঠিত করেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয় অভিযোগপত্রে।

শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বাংলাভিশনকে জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই এমন একটি দেশের গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে নুরের সাক্ষাতের বিষয়ে অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, অভিযোগ গ্রহণ করা হলেও এখনো মামলা নেওয়া হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন মহল দেখছে।