চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় রাতের আঁধারে চুরি করে খেজুর রস খেতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে ৩ কিশোর। এ সময় পালিয়ে গেছে আরও ১৫ জন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ট্যাংরামারি গ্রামে শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়া হলে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ট্যাংরামারি গ্রাম থেকে প্রায়ই গরু চুরি হতো। শুক্রবার রাতে ওই গ্রামের মাঠে চুরি করে খেজুর রস খেতে যায় একদল কিশোর। গরু চোর সন্দেহে তাদের ধাওয়া করে গ্রামবাসী। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ৩ কিশোরকে আটক করে গণপিটুনি দেয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে ঘটনাস্থল থেকে ৩ কিশোরকে উদ্ধার করে পুলিশ। সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানা হেফাজতে নেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান বলেন, ওই ৩ কিশোরের শরীরের অধিকাংশ স্থানেই আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরও বলেন, ওই কিশোরদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।











































