Home আঞ্চলিক মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ভ্যানচালক নিহত

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ভ্যানচালক নিহত

7

খুলনাঞ্চল রিপোর্ট।।

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কামাল মাদবর (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

শনিবার (৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল একই এলাকার সলেমান মাদবরের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজলেম আকন ও বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে সাবেক চেয়ারম্যান মোজলেম আকনের সমর্থক সোহবার বেপারি ও বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের সমর্থক সৈয়দ শাইখের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় চারজন আহত হয় এবং ঘটনাস্থলের পাশে রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় কুপিয়ে হত্যা করা হয় ভ্যানচালক কামাল মাদবরকে। সংঘর্ষে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

নিহতের চাচাতো ভাই রাজ্জাক মাদবর বলেন, ‘নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আমার ভাইকে। হাসপাতালেও নিতে দেয়নি। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। মোজলেম আকনের লোকজন এই ঘটনার জন্য দায়ী।’

 

মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুবাইয়াত ইবনে হাবিব জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মনিরুজ্জামান ফকির বলেন, ‘গাছবাড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনা দীর্ঘদিনের। এ নিয়ে একাধিক হত্যার ঘটনা ও মামলা হয়েছে। কিন্তু সংঘর্ষ চলছে। কামাল মাদবর হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’