ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে সানজিদা খাতুন ও সদর উপজেলার চুলকাটিতে তিথি রানী আচার্য্য নামের দুই স্কুল ছাত্রী গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে। শুক্রবার (৩০শে ডিসেম্বর) দুপুর ও সন্ধ্যায় শেখেরডাঙ্গা ও সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ পৃথক পৃথক স্থান থেকে মৃতদেহ উদ্ধার করেন। জানা গেছে, ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার শেখেরডাঙ্গা এলাকার মোঃ শফিকুল ইসলাম মোড়লের কন্যা ও শেখেরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী সানজিদা খাতুন (৯) ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছেন। অপর দিকে খানপুর ইউনিয়নের চুলকাটি সোনাডাঙ্গা গ্রামের ১নং ওয়ার্ড সদস্য বিপুল আচার্য্য’র ২য় কন্যা ও চুলকাটি-ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর স্কুল ছাত্রী তিথি রানী আচার্য্য (১৫) একই দিন সন্ধ্যায় ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্নহত্যা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাগেরহাট সদর মডেল থানায় কোন অপমূত্যু মামলা দায়ের হয়নি।











































