খুলনাঞ্চল রিপোর্ট।।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াসহ (নৌকা) সাত মেয়র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। যারা জামানত ছাড়িয়েছেন তাদের ভোট ৩৫ হাজারের ওপরে থাকতে হয় বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
সরকারি নির্দেশ ও নিয়ম অনুযায়ী জামানত ফেরত পেতে নির্বাচনে প্রাপ্ত মোট ভোটের আটভাগের একভাগ পেতে হয় প্রতিটি প্রার্থীকে। সে অনুযায়ী রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ মেয়র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়াসহ ৭ প্রার্থী নির্বাচনে ৩৫ হাজারের নিচে ভোট পাওয়ায় তাদের জামানত হারিয়েছেন।
আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল) ১ লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়েছেন। লাঙল প্রতীকে মোট ভোট পেয়েছে- ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। এর ফলে, তৃতীয়বারের মতো নগরপিতা হলেন মোস্তাফিজার রহমান মোস্তফা।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাত সোয়া ১২টায় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নগরীর ২২৯টি কেন্দ্রে ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ইভিএমে ভোট দিয়েছেন ২ লাখ ৮০ হাজার ৩৬ জন। সে হিসাবে জামানত ফেরত পেতে প্রতিটি প্রার্থীকে ৩৫ হাজার ১২২ ভোট পাওয়ার দরকার ছিল বলে জানিয়েছেন নির্বাচন রিটানিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, লাঙল প্রতীকে মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।
তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। ভোট ব্যবধানে চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।
এছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান ডাব প্রতীকে ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন গোলাপ ফুল প্রতীকে ৫ হাজার ৮০৯, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান মশাল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৫৬ ভোট।
খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল রাজু দেওয়াল ঘড়ি প্রতীকে ২ হাজার ৮৬৪ এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি হরিণ প্রতীকে ২ হাজার ৬৭৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে রংপুর সিটি কর্পোরেশনে। সারা দেশের প্রতিটি মানুষ সাধুবাদ জানিয়েছেন এ নির্বাচন নিয়ে।











































