স্টাফ রিপোর্টার।।
গত ২৮ সেপ্টেম্বর বদলি হন খুলনার অর্থঋণ আদালতের বিচারক রাফিয়া ইসলাম। এর পর তিন মাস পার হলেও নতুন বিচারক আসেননি। এতে স্থবির হয়ে আছে আদালতের ১ হাজার ৫৩টি মামলার বিচারিক কার্যক্রম। মামলা নিষ্পত্তি না হওয়ায় ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে পাওনা টাকা আদায় করতে পারছে না। অন্যদিকে গ্রাহকও ব্যাংকের অন্যায্য আবদারের সুবিচার পাচ্ছেন না। বিচার কার্যক্রম দীর্ঘায়িত হওয়ায় ব্যাংকে বাড়ছে ঋণের সুদ। সব মিলিয়ে দুর্ভোগ পড়েছে দু’পক্ষই।
আদালত সূত্রে জানা যায়, যুগ্ম জেলা জজ পদমর্যাদার বিচারক রাফিয়া ইসলাম বদলি হওয়ার পর বিচারিক কার্যক্রম পরিচালনার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় যুগ্ম জেলা জজ নুসরাত জামিনকে। তবে তিনি শুধু রুটিন কার্যক্রম পরিচালনা করছেন। বিচারিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
ইসলামী ব্যাংক খুলনা শাখার প্রিন্সিপাল অফিসার মেজবাউল আলম জানান, আদালতে তাঁদের ১৮টি মামলার বিচার চলছে। কিন্তু বিচারক না থাকায় কোনোটিই নিষ্পত্তি হচ্ছে না। ব্যাংকটির আইনজীবী মোল্লা মাসুম রশিদ বলেন, কয়েক মাস ধরে শুধু তারিখ পড়ছে। কোনো মামলারই বিচার পাচ্ছেন না। দ্রুত আদালতে সার্বক্ষণিক একজন বিচারক প্রয়োজন।
আদালতে খুলনা হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ৫৫টি মামলার বিচার কার্যক্রম পরিচালনা করেন আইনজীবী পীযুষ কান্তি দত্ত। তিনি বলেন, অনেক দিন থেকেই আদালতে মামলার বিচারিক কার্যক্রম ঝুলে আছে। এতে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার ও ব্যাংকের অনেক টাকা গ্রাহকদের কাছ থেকে আদায় করা যাচ্ছে না। আগে দুই মাস বিচারক ছিলেন না, এই মাসে ছুটি। দ্রুত আদালতে বিচারক পদায়ন না করলে মামলাজট কাটানো কঠিন হবে।











































