Home আঞ্চলিক লেখাপড়া করতে গিয়ে জীবন স্থবির, তাই ‘মমি’ সাজলেন শিক্ষার্থীরা

লেখাপড়া করতে গিয়ে জীবন স্থবির, তাই ‘মমি’ সাজলেন শিক্ষার্থীরা

11

স্টাফ রিপোর্টার।।

শিক্ষাজীবনের শেষ দিনটি কীভাবে স্মরণীয় করে রাখতে হয় তা বোধহয় ভালোই জানেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।


ভিন্ন ভিন্ন আয়োজনে বিশেষ এই দিনটিতে চমক দেখান তারা। এবারও এর ব্যতিক্রম হয়নি। ‘মমি’ সেজে দিনভর উল্লাস করেছেন বিভাগটির ১৭ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীরা।

বুধবার (২৮ ডিসেম্বর) ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষা সমাপনী দিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা আয়োজন করেন নানা অনুষ্ঠানের। এসব আয়োজনের মধ্যে অন্যতম ছিল ‘মমি’ সেজে ক্যাম্পাসে আনন্দ উল্লাস করা।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে আলাপ করে জানা যায়, চার বছর এই বিভাগে লেখাপড়া করতে গিয়ে তারা মমির মতোই স্থবির হয়ে গেছেন। শেষ দিনে সেই মমি থেকে আবার তারা মানুষের জীবন ফিরে পেয়েছেন।

কুয়েট সূত্রে জানা যায়, পূর্ব অনুমতি ছাড়াই ২০২০ সালে ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা ‘হাবিবি’ সেজে উল্লাস করেন। এতে কুয়েট কর্তৃপক্ষ তাদের সতর্ক করে চিঠি দেয়। পরে ২০২১ সালে শিক্ষা সমাপনীতে ‘আসামি’ সেজে দিনটি উপভোগ করেন এই বিভাগের শিক্ষার্থীরা। এবার ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা ‘মমি’ সেজে ক্যাম্পাস মুখরিত করলেন।