রূপসা প্রতিনিধি।।
খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধূরী বলেছেন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে শুধু পুষ্পস্তবক অর্পণ করলেই হবে না। তাদেরকে অন্তরের শ্রদ্ধা থেকে স্মরণ করতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এইসব মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে শত্রুদের মোকাবেলা করেছিলেন। নিজের জীবন বিসর্জন দিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন একটি স্বাধীন দেশ। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা অনেকে বড় বড় পদে অধিষ্ঠিত হতে পারছি। তাই আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের এসব সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। স্কুল কলেজের শিক্ষার্থীসহ সব ধরনের মানুষের মধ্যে স্বাধীনতার প্রকৃত মর্যাদা উপলব্ধি করার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তা না হলে স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বিফলে যাবে।
২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহ’র পূর্ব রূপসাস্থ মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এরপর তিনি নৈহাটী ইউনিয়ন পরিষদ পরিদর্শন, রূপসা উপজেলার বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরীর শুভ উদ্বোধন ও রূপসা উপজেলার সকল বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজজাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহ দিবা শামস, মেডিকেল অফিসার পিকিং শিকদার, প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, নির্বাচন অফিসার মোল্লা নাসির আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল মজিদ ফকির, নৈহাটী ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাংবাদিক বেনজীর হোসেন, ইউপি সদস্য ইলিয়াজ শেখ, আছাবুর রহমান, আলমগীর হোসেন শ্রাবন, আব্দুর রাজ্জাক শেখ, মো. মাছুম শেখ, রীনা পারভীন, রেশমা আক্তার, লিপিকা দাস প্রমুখ। কৃষকলীগ নেতা জিয়াউদ্দীন জিয়া. সাংবাদিক চিত্ত রঞ্জন সেন প্রমূখ।
খুলনা জেলায় তিন লাখ ৮০ হাজার শিশুকে
কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে
রূপসা প্রতিনিধি : আগামী ৭-১২ জানুয়ারি দেশব্যাপী জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ পালন করা হবে । এ উপলক্ষে ২৮ ডিসেম্বর সকালে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে খুলনা জেলা পর্যায়ের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বিরতিতে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের জনস্বার্থের জন্য হিতকর এই উদ্যোগকে সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে এই কাজের সাথে যুক্ত করতে হবে। প্রাথমিক-মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি ছিন্নমূল পথশিশুদেরও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো নিশ্চিত করতে হবে। সবার অন্তর্ভূক্তিমূলক প্রচেষ্টার দ্বারা জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ সফল হবে বলে আশা করা যায়। সুস্থ জাতি গঠনে সরকারের এ উদ্যোগ বিশেষ অবদান রাখবে।
সভায় জানানো হয়, ফাইলেরিয়াসিস নির্মূল এবং কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বছরে দুইবার কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হয়। সপ্তাহ চলাকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসমূহে ৫-১৬ বছরের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত শিশু, পথশিশু ও শ্রমজীবী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট (মেবেন্ডাজল ৫০০ মি.গ্রাম) খাওয়ানো হবে। এটি খালি পেটে খাওয়ানো যাবে না। খাওয়ার পর শিশুরা বমি করলে ভয়ের কিছু নেই। কৃমি মানুষের পেটে পরজীবী হিসেবে বাস করে এবং খাবারের পুষ্টিটুকু খেয়ে ফেলে, তাই মানুষ পুষ্টিহীনতায় ভোগে। এটি শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়।
সভায় আরো জানানো হয়, আগামী ৭-১২ জানুয়ারি জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলাকালে খুলনা জেলার ৯টি উপজেলার দুই হাজার তিনশত তিনটি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে মোট তিন লাখ ৮০ হাজার তিনশত দুইজন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
সভায় জেলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার মোঃ সাবেতুল ইসলাম, ডাঃ ফাহরিন ফাতমি জাহান, সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাসহ এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। স্বাস্থ্য অধিদফতরের ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম-এর সহযোগিতায় খুলনা সিভিল সার্জন অফিস এ সভার আয়োজন করে।











































