Home জাতীয় বুধবারও বৃষ্টির পূর্বাভাস, জেঁকে বসবে শীত

বুধবারও বৃষ্টির পূর্বাভাস, জেঁকে বসবে শীত

9

ঢাকা অফিস।।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) হালকা বৃষ্টি হয়েছে। বুধবারও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শরীফুল নেওয়াজ কবির সময় সংবাদকে জানান, দেশের আকাশ এখনও আংশিক মেঘলা রয়েছে। এমন পরিস্থিতিতে বুধবারও (২৮ ডিসেম্বর) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

তিনি বলেন, সাধারণত ডিসেম্বরের শেষের দিক থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি হলে তাপমাত্রা কমে যায়। এবারও তার ব্যতিক্রম হবে না। বৃষ্টির পর রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যাবে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ ছাড়া মধ্যরাতের পর দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি কুয়াশা থাকবে।

 

আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, এ সময় তাপমাত্রা আরও কমতে পারে।

 

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮। এ ছাড়া রাজারহাটে ১২ দশমিক ৮, ডিমলায় ১৩ দশমিক ৫, সৈয়দপুর ও রাঙ্গামাটিতে ১৪ দশমিক ০, রংপুরে ১৪ দশমিক ২, সীতাকুন্ড ও কুতুবদিয়ায় ১৪ দশমিক ৬ এবং দিনাজপুরে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় এসব এলাকায় শীতের তীব্রতা বাড়ছে। ভোর ও মধ্য রাতে কুয়াশাও পড়ছে।

এ ছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়ায় ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় ঢাকায় ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২০ মিনিটে।