মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি আমন মৌসুমে সরকার ঘোষিত ২০২২-২৩ অর্থবছরে কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহের প্রকল্পের নির্ধারিত সময়ের এক মাস দশ দিন অতিবাহিত অথচ এক কেজি ধানও ক্রয় করতে পারেনি খাদ্য গুদাম। কৃষকদের অভিযোগ রয়েছে গুদামে ধান দিতে গেলে নানাবিধ হয়রানির শিকার হতে হয়। সরকারি মূল্যের সঙ্গে বাজার দরের সামঞ্জস্য না থাকায় এ সংগ্রহ অভিযান স্থবির হয়ে পড়েছে। সরজমিন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত সারা দেশের ন্যায় এ উপজেলায় চলতি বছরে সরকারি নির্ধারিত ২৮ টাকা কেজি দরে ১৩৭৪ টন আমন ধান কৃষকদের কাছ থেকে সংগ্রহ ১৭ই নভেম্বর থেকে আগামী বছরের ২রা ফেব্রুয়ারি পর্যন্ত কথা থাকলেও এ কার্যক্রমের এক মাস দশ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোনো ধান সংগ্রহ করতে পারেনি। ১৬টি ইউনিয়নসহ ও পৌরসভার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ কৃষকরা সরকার নির্ধারিত এ মূল্যে ধান দিতে আগ্রহী হচ্ছে না। একাধিক কৃষকরা বলছেন সরকারি মূল্য প্রতি মণ ধান ১১শ’ ২০ টাকা করে ক্রয় করছে খাদ্য গুদাম। সেখানে রয়েছে ধানের আদ্রতা পরিমাপসহ নানান জটিলতা, অনেক দূর থেকে ক্যারিং দিয়ে পুনরায় ধান নিয়ে ফিরে আসতে হয়। বিভিন্ন প্রকারের হয়রানির শিকার হতে হয় তাদের। অথচ বাড়ি থেকে বেপারীরা মাঠের সদ্য কাটা ধান কিনছে হাজার টাকা দরে প্রতি মণ। এদিকে ধান চাল সংগ্রহ উপজেলা নামমাত্র কমিটি থাকলেও তৃণমূল পর্যায়ে সংগ্রহে নেই কোনো প্রচার-প্রচারণা।
অনেকেই জানে না ধান দেয়ার নির্ধারিত সময়। বিগত ২০২০-২০২১ অর্থবছরে ধান ক্রয়ে টার্গেট ছিল ৬-৭শ’ টন, সেখানে ধান ক্রয় হয়েছে মাত্র ৬১ টন। ২০২১-২০২২ অর্থবছরে টার্গেট ৯১৬ টন। সেখানে খাদ্য গুদাম ক্রয় করেছে ২৭ টন। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও খাদ্যশস্য সংগ্রহ কমিটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, আমন মৌসুমে ধান সংগ্রহের প্রধান প্রতিবন্ধকতা বাজার ও সংগ্রহ মূল্যে কাছাকাছি থাকা। এরই প্রভাব পড়েছে সংগ্রহের ক্ষেত্রে। খাদ্য গুদামের ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণ আদ্রতা, চিটামুক্ত, পরিষ্কার এ ধরনের বিধিনিষেধ থাকার কারণে অনেক কৃষকই ধান দিতে পারছে না। হয়রানির বিষয়টি সঠিক নয়। এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংগ্রহ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, ধান ক্রয়ে বাজার দরের সঙ্গে সামঞ্জস্য না থাকা ও প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ধান ক্রয়ে সমস্যা হচ্ছে। তবে, সংগ্রহের ক্ষেত্রে কৃষকদের আগ্রহ বৃদ্ধির জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।











































