খুলনাঞ্চল রিপোর্ট।।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। এখন পর্যন্ত ১২টি কেন্দ্রের ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। এই ১২ কেন্দ্রে ছয় হাজার ৪৯৩ ভোট নিয়ে ৯ মেয়র প্রার্থীর মধ্যে সবার ওপরে আছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া ১২ কেন্দ্রে পেয়েছেন মাত্র ৯৭৪ ভোট।
এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় ভোটের ফল ঘোষণা। সবকটি কেন্দ্রেই ইভিএমে ভোট হয়েছে।
এই নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ বাকি দুই লাখ ১৪ হাজার ৪৬৯ জন নারী ভোটার। ভোট কেন্দ্রের সংখ্যা ২২৯টি। মোট ওয়ার্ড ৩৩টি।
জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট প্রার্থী ২৫১ জন। এদের মধ্যে ৯ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১১টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।











































