স্টাফ রিপোর্টার।।
নগরীর শেরে বাংলা রোডস্থ ৩নং কাশেম সড়কের নুর মোহাম্মাদের দোকানের সামনে প্রকাশ্য দিবালোকে ইয়াছিন আরাফত নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলার চার্জশিট দ্রতই আদালতে দাখিল করবেন মামলার তদন্ত কর্মকর্তা। আরাফত বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের বাসিন্দা ওবাইদুলের ছেলে। সে পশ্চিম বানিয়াখামার এলাকার জিন্নাত ফকিরের বাড়িতে মামার সাথে ভাড়া থাকত।
মামলার আসামির মধ্যে মাসুদ এখনও পলাতক রয়েছেন। গ্রেপ্তার ৯ আসামির মধ্যে ৯০ দিন পরেও জামিন পাইনি মো. ইব্রাহিম হাওলাদার (১৬)। ৫ আসামি জামিনে রয়েছেন। জামিনপ্রাপ্তরা হলেন শোভন, আব্দুল্লাহ, অনিক, আসিফ, মিজান ও নাঈম। কারাগারে রয়েছে মো. ইব্রাহিম হাওলাদার, মাসুদ রানা, মিলন ও সাকিব।
জানা যায়, ঘটনাস্থল থেকে দু’টি সিসি ফুটেজ উদ্ধার করে পুলিশ। একটি ফুটেজে দেখা যায় তিন কিশোর অস্ত্র হাতে হেটে যাচ্ছে। অপর ফুটেজে দেখা যায় ঘটনাস্থলে ইয়াছিন আরাফত পেঁছানো মাত্রই তাকে একজন ঘুসি মারছে এবং অন্যরা ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। যে তিন কিশোর অস্ত্র হাতে হেটে যাচ্ছে তারা হলেন অনিক, মাসুদ রানা ও শোভন ।
আসামি ইব্রাহিমের পিতা মো. সলেমান হাওলাদার জানান, ঘটনাস্থল থেকে যে দু’টি সিসি ফুটেজ উদ্ধার করা হয়েছে সেখানে ইব্রাহিম নেই। তাকে হয়রানি করতে মামলা দেয়া হয়েছে। বাদী মামলায় উল্লেখ করছেন ইব্রাহিম তার ছেলে ইয়াছিন আরাফতের মাথায় কোপ দেয়। অথচ দু’টি সিসি ফুটেজে ইব্রাহিমকে দেখা যায়নি। সিসি ফুটেজ অনুযায়ি ঘটনার সঙ্গে জড়িতরা জামিন পেয়েছে। কিন্তু ইব্রাহিম এখনও জামিন পাইনি। তিনি সুষ্ঠু তদন্তপুর্বক দোষীদের শাস্তি দাবি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল হান্নান মোল্যা জানান, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। সিসি ফুটেজ বিশ্লেষণ, গ্রেপ্তার আসামিদের দেয়া তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ি শিগগিরই দোষীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। তবে এখনও আসামি মাসুদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার একাধিক টিম কাজ করছে।
মামলার বিবরণে জানা যায়, ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শেরে বাংলা রোডস্থ ৩নং কাশেম সড়কের নুর মোহাম্মাদের দোকানের সামনে ইয়াছিন আরাফতকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এঘটনায় ১৭ সেপ্টেম্বর নিহতের পিতা মো. এমাদুল ইসলাম বাদী হয়ে খুলনা থানায় ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬/৭জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন যার নং-১৩।











































