নওয়াপাড়া (যশোর)প্রতিনিধি।।
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের চরে জরাজীর্ণ একটি ঘরে বাস করেন রাবেয়া বেগম (৭৫)। নেই কোনো জমি-জায়গা। স্বামী মারা গেছেন ১৫ বছর আগে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। প্রতিবন্ধী ছেলে জনির (৫০) কাজ করার ক্ষমতা নেই। মেয়ের বিয়ে হয়েছে, জামাই রাজমিস্ত্রির সহযোগীর কাজ করে কোনোমতে সংসার চালান। শাশুড়িকে সাহায্য করার সক্ষমতা নেই তাঁর। শারীরিক অবস্থা ভালো না থাকায় এখন ঠিকমতো কাজ করতে পারেন না রাবেয়াও। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তাই রাবেয়া বেগমের কষ্টের শেষ নেই।
রাবেয়া বেগম জানান, নওয়াপাড়া বাজারে সপ্তাহে দুই দিন ব্যবসায়ীদের পেঁয়াজ পরিস্কার করে যে টাকা পান, তা দিয়ে ছেলেকে নিয়ে খেয়ে-না খেয়ে দিন চলে। বয়স বেশি হওয়ায় এখন আর মানুষ আগের মতো কাজে নিতে চায় না। সপ্তাহে দুই হাটের দিনে কাজ করলে ৭০-৮০ টাকা করে পান। তবে জিনিসপত্রের যে দাম, এ টাকা দিয়ে প্রতিদিন ঠিকমতো খাবার জোগাড় করতে পারেন না।
রাবেয়া বেগমের বাড়ি ছিল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর গ্রামে। স্বাধীনতার পর নওয়াপাড়ায় চলে আসেন। সেই থেকে উপজেলার নওয়াপাড়ার ভৈরব নদের ঘাটে তাঁদের বসবাস। স্বামী আইয়ুব আলী বাজারে শ্রমিকের কাজ করতেন। ২০০৭ সালে তিনি মারা যান। মেয়েকে বিয়ে দিলেও প্রতিবন্ধী ছেলে জনিকে নিয়ে এখন তাঁর যত দুশ্চিন্তা। নিজে না খেতে পারলেও ছেলেকে সময়মতো খাবার দিতে হয়।
বর্ষা ও শীত মৌসুমে কষ্টের সীমা থাকে না রাবেয়া বেগমের। ঘরে বৃষ্টির পানি পড়ায় প্রতিবন্ধী ছেলেকে নিয়ে রাতেও জেগে থাকতে হয়। পুরোনো টিনের চালায় পলিথিন দিয়ে রেখেছেন। রাতে কুপির (ল্যাম্প) আলো ভরসা। কোনো জমি না থাকায় ভৈরব নদের পাড়ে ঝুপড়ি ঘরে বসবাস করছেন। আগে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে করোনাকালে ছন্দপতন হয়েছে। এখন আর বাসাবাড়িতে কাজ পান না।
এখানেই শেষ নয়। টয়লেটেরও ভালো ব্যবস্থা নেই। প্রকৃতির ডাকে সাড়া দিতে ছুটতে হয় খোলা জায়গায়। জোরালো বাতাস হলে বুকে কাঁপন ওঠে রাবেয়া বেগমের। নড়বড়ে ঘর ছেড়ে ছেলেকে নিয়ে অন্যের বাড়ির বরান্দায় আশ্রয় নেন তখন। তবে এ বয়সেও পাননি বয়স্ক বা বিধবা ভাতা। রাবেয়া বেগম আক্ষেপ করে জানতে চান, আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবেন তিনি?
রাবেয়া বেগম বলেন, ‘শেখ মুজিবের (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) মাইয়ে্য (মেয়ে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনিছি জমি দেচ্ছে, ঘর বানায় দেচ্ছে। তা আমাগে দেচ্ছে না ক্যান? ঘরে কয়ডা আলো চাল (আতপ) ছিল, তাই জ্বালায়ে (রান্না করে) ওই পাগলডারে (ছেলেকে) খাওয়াচ্ছি, আমিও খাইছি। চাল শেষ হলি কী করবানি?’ ঘরের ছবি তোলার সময় তিনি এ প্রতিবেদকের কাছে প্রশ্ন করেন, ‘আমি কি ঘর পাবানি?’
নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস বলেন, রাবেয়া বেগম খুবই অসহায়। এবার সরকারি বরাদ্দ পেলে তাঁকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। বয়স্ক ভাতার বরাদ্দ এলেও পাবেন তিনি।
সমাজসেবা কর্মকর্তা এ এফ এম ওয়াহিদুজ্জামান বলেন, রাবেয়া বেগম পৌরসভার মধ্যে বসবাস করেন। তালিকা পেলে তাঁকে সহযোগিতা করা হবে।











































