মোঃ তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছে। ২৫ ডিসেম্বর (রবিবার) দিবাগত রাতে নড়াইল পৌরসভার উজিরপুর নামক গ্রামের কাড়ার বিলের মধ্যে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আসাদুল শেখ (৩৫) নামে এক জনের পরিচয় মিলেছে। সে বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার আ.গফুর শেখের ছেলে। তবে অন্য জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের বিভিন্নস্থানে দির্ঘদিন যাবৎ গরু চুরি হয়ে আসছিলো। এরই ধারাবাহিতকায় রবিবার দিবাগত রাতে সদর উপজেলার বিড়গ্রামের রেবন্ত বিশ্বাসের বাড়িতে হানা দেয় ৫/৭ জনের চোর চক্র। বাড়ি মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করে। পালানোর চেষ্টা করে পৌরসভার উজিরপুর কাড়ারবিলের মধ্যে ধরে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন পরে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান বলেন, সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে অন্য জনের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।











































