Home আঞ্চলিক খুকৃবির বিকাশে যেকোনো প্রয়োজনে পাশে থাকবে খুবি : উপাচার্য

খুকৃবির বিকাশে যেকোনো প্রয়োজনে পাশে থাকবে খুবি : উপাচার্য

8

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে আজ ২৬ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী। এসময় উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ-খবর নেন। নবনিযুক্ত উপাচার্য নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিকাশে যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো। বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষ্য অভিন্ন তা হচ্ছে- শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি এবং দেশ, জাতি ও সমাজের সমৃদ্ধি। তিনি খুলনার ৪টি বিশ্ববিদ্যালয়ের আন্তঃসহযোগিতার মাধ্যমে এতদাঞ্চলসহ দেশের উন্নয়নে সবিশেষ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর আন্তরিকতা এবং সহযোগিতাপূর্ণ মনোভাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। পরে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট উপহার প্রদান করেন।
এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

খুবির পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা আজ ২৬ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে গত সভার কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের ১১ তলা আবাসিক, আইইআর ভবন, গ্রিন হাউস নির্মাণ ও স্থান নির্ধারণ এবং ডিজিটাল সার্ভেসহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। উপাচার্য চলমান উন্নয়ন প্রকল্প আরও গতিশীল করাসহ বেশ কয়েকটি বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভায় কমিটির সদস্য যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আশিক উর রহমান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান। সভা সঞ্চালনা করেন পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সচিব এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. খায়রুল বাসার।