খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, যিশু সব মানুষের জন্য সমান সুযোগ দেওয়ার কথাও শুনিয়েছেন। আধুনিক গণতন্ত্রের মর্মকথাও তা-ই। সভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের জীবন ও দর্শনেই যিশুর প্রভাব পড়েনি, পুরো মানবসভ্যতাই কিছু না কিছু মাত্রায় প্রভাবিত হয়েছে তার আদর্শ, নীতি ও বিশ্বাস দ্বারা। বড়দিন উপলক্ষ্যে রবিবার (২৫ ডিসেম্বর) সকালে খুলনা ও সোনাডাঙ্গার বিভিন্ন গীর্জায় খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এসব কথা বলেন।
তারা বলেন, যুগে যুগে ধর্ম প্রচারকরা মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন। স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তির জন্য সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে সবাইকে প্রেরণা যুগিয়েছেন। মহান যিশুখ্রিস্টও একইভাবে তার অনুসারীদের অসত্য ও অন্যায়ের পথ পরিহার করে পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ দিয়েছেন।
সকালে খুলনার কয়লাঘাট ও চানমারি গির্জায় মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার নেতৃত্বে এবং সোনাডাঙ্গায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী মাহমুদ আলী, মুর্শিদুর রহমান লিটন, শেখ ফারুক হোসেন, আলী আক্কাস, শামসুল বারী পান্না, সাইফুল ইসলামসহ অনেকে।











































