মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বড়দিনের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। বড়দিনসহ টানা তিনদিনের সরকারী ছুটিতে দেশের বিভিন্নস্থান থেকে সুন্দরবন ভ্রমণে ছুটে আসছেন দর্শনার্থীরা।
সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, একসাথে তিনদিনের ছুটি হওয়াতে সুন্দরবনে পর্যটকদের আগমন বেড়েছে। এর আগে বিগত দিনগুলোতে কয়েক’শ করে পর্যটক হলোও এই ছুটিতে তা অনেক বেড়েছে। এই ছুটির প্রথম দিন শুক্রবার দেড় হাজার, শনিবার দুই হাজার ও রবিবারও দুই হাজারের বেশি পর্যটক এসেছেন করমজলে। এছাড়া টানা তিনদিনের ছুটি উপভোগে অনেকেই আবার লঞ্চে করে প্যাকেজ ভ্রমণ করছেন বনের হাড়বাড়ীয়া, নীলকমল, কটকা, কচিখালী, দুবলার চর, আন্ধারমানিক ও আলীবান্ধা পর্যটন স্পটে। তিনি বলেন, একদিকে বড়দিনের ছুটি অন্যদিকে পর্যটনের ভরা মৌসুম চলছে এখন। আর এখন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ তাই এই সময়ে পর্যটকের ভিড়ও হয়ে থাকে তুলনামুলক বেশি। তিনি আরো বলেন, শীত মৌসুমের বিশেষ করে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পর্যটকদের আগমনে উৎসবমুখর থাকবে পুরো সুন্দরবন।











































