বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল-সুলতান ওশান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রলীগের জরুরি সভার সিদ্ধান্ত অনুসারে পিসি কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
ছাত্রলীগের সাধারণ কর্মীদের দাবি, ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সরদার ইয়াছির আরাফাত নোমান কলেজ ছাত্রলীগের সভাপতি এবং অরুপ সাহা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে একই কমিটির সহসভাপতি ছিলেন সরদার ইয়াসির আরাফাত নোমান। সেই সঙ্গে সরদার ইয়াছির আরাফাত নোমান ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) হিসেবেও দায়িত্ব পালন করছেন। নানা ধরনের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার অভিযোগ রয়েছে এই কমিটির বিরুদ্ধে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল-সুলতান ওশান বলেন, মেয়াদ শেষ হওয়া ও নতুন নেতৃত্বকে সামনে আনতে পিসি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।











































