ঢাকা অফিস।।
বিএনপির সঙ্গে জোট নিয়ে টানাপোড়েন চলছে জামায়াতের। উভয়পক্ষই বলছে, এখন কার্যকারিতা নেই জোটের। তবে জোট না থাকলেও সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে তারা থাকছে একসাথেই। বাস্তবতাও অনেকটা তাই বলছে।
গত ১০ ডিসেম্বর গোলাপবাগের সমাবেশ থেকে ১০ দফা তুলে ধরে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে গণমিছিলের মাধ্যমে এই কর্মসূচি শুরুর ঘোষণা দেয় তারা। বিএনপির এই ঘোষণার কিছুক্ষণ পরই তাদের সঙ্গে সামঞ্জস্যতা রেখে ১০ দফা দাবি তুলে ধরে একই দিন গণমিছিলের কর্মসূচি দেয় জামায়াতও। তবে এদিন ঢাকায় আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন থাকায় দলটির অনুরোধে ঢাকার কর্মসূচি পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বরে দিয়েছে বিএনপি ও জামায়াত।
১০ দফা ঘোষণার পরই গ্রেফতার হয়েছেন জামায়াতের আমির। দলটির বিরুদ্ধে উঠেছে জঙ্গী সম্পৃক্ততার অভিযোগও। যদিও জামায়াত বলছে কর্মসূচি ঘোষণার কারণেই গ্রেফতার করে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে দলের প্রধানকে। তবে দলের প্রধানের গ্রেফতারে আন্দোলনে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করে আসছিল জামায়াত। দীর্ঘদিন প্রকাশ্য রাজনীতির বাইরে থাকার পর আজ প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচিতে দেখা গেলো ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটিতে। প্রথম দিনই দেশজুড়ে বেশ শোডাউন করেছে জামায়াত। কোথাও কোথাও পুলিশের সঙ্গে হয়েছে সংঘর্ষও।
দলটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি ও আমাদের স্থানীয় প্রতিনিধিদের তথ্যমতে আজ চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও কুমিল্লা মহানগরীতে গণমিছিল করেছে জামায়াত। এসব মিছিলে বেশ নেতাকর্মীর সমাগম দেখা গেছে। এছাড়া নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, মৌলভীবাজার, নাটোর, সুনাপগঞ্জ, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা ও কুড়িগ্রামে গণমিছিল করার তথ্য পাওয়া যায়। এর মধ্যে নোয়াখালীতে পুলিশের সঙ্গে জামায়াত শিবির নেতাকর্মীদের সংঘর্ষ এবং সাতক্ষীরায় ১৬ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত।
এসব কর্মসূচিতে দেওয়া বক্তব্যে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা, জনগণের ন্যায্য অধিকার আদায়, কেয়ারটেকার সরকার পুনর্বহাল এবং জামায়াতের আমিরসহ ও সকল রাজনৈতিক বন্দীর মুক্তিসহ ১০ দফা দাবি তুলে ধরেন বক্তারা।











































