রূপসা প্রতিনিধি।।
বাংলাদেশ খাদ্য উৎপাদনে যাতে স্বয়ম্ভরতা অর্জন করতে পারে সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষি মন্ত্রীর নেতৃত্বে প্রতি ইঞ্চি জমির সদ্বব্যবহার করতে সকলে একযোগে কাজ করছে। বাংলাদেশে খাদ্যের কোন সংকট হবে না বরং আমরা এদেশের উৎপাদিত খাদ্য শস্য বাইরে রপ্তানি করতে পারবো। অনাবাদী পতিত জমি ব্যবহার করতে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার রূপার মুজিববর্ষে প্রদেয় গৃহ সংলগ্ন জমিতে পারিবারিক পুষ্টিবাগান পরিদর্শনের সময় একথা বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় নিয়ে আসা ও পরিবারে নিরাপদ খাদ্যের চাহিদা পূরণে গড়ে তোলা হচ্ছে ‘পারিবারিক পুষ্টি বাগান’। রূপসা কৃষি সম্প্রসারণ দপ্তরের সহযোগীতায় ‘অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের আওতায় বসতবাড়ির আঙ্গিনায় প্রায় দুই শতাধিক পারিবারিক পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে। যার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প মুজিব বর্ষ উপলক্ষে নির্মিত আশ্রায়নে অগ্রাধিকার ভিত্তিতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে। তাদের জীবন মান ও সুস্বাস্থ্যের জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে।বীজ, সার, গাছের চারা, নেট, ঝাজড়ি বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে কালিকাপুর মডেলের এসব বাগান থেকে শাঁকসবজি আহরণ শুরু করেছেন চাষীরা। উৎপাদিত সবজি দিয়ে তারা নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করে আয়ও করছেন।
বসতবাড়ির আঙ্গিনায় দেড় শতক জমিতে বেড়া দিয়ে কালিকাপুর মডেলে পুষ্টি বাগানের প্রদর্শনী স্থাপন করা হয় এবং এমনভাবে বাগান তৈরি করা হয়েছে যেন একজন কৃষক সারা বছরই এখান থেকে কিছু না কিছু পান। কখনো সবজি থাকবে, আবার কখনো থাকবে ফল। বীজ, সার ও চারাসহ যাবতীয় ব্যয় সরকারের তরফ থেকে বহন করা হচ্ছে । কৃষাণ-কৃষাণী শুধু পরিচর্যার দায়িত্ব পালন করছেন। কৃষি বিভাগ সূত্রে আরো জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে একশ’ পুষ্টি বাগান স্থাপন করা হবে। এসব পারিবারিক পুষ্টি বাগানে শাক-সবজির মধ্যে রয়েছে লাল শাক, মুলা, গীমা কলমি, পালংশাক, পুঁইশাক, ডাটা শাক, ধনিয়া, কাঁচা মরিচ, প্রভূতি। ফলদ ও মসলা উৎপাদনে মালটা, থাই পেয়ারা, কদবেল, ছফেদা, চুইঝাল, বাতাবী লেবু প্রভৃতির চারা লাগানো হয়েছে। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং সরেজমিন খোঁজ–খবর নিচ্ছেন। প্রতিটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা রোগ ও পোকা থেকে ফসল রক্ষা করতে পরামর্শ দিয়ে ও সরেজমিন খোঁজ নিয়ে সার্বিক সহায়তা করছেন।
রূপসা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে।’ সে অনুযায়ী আমরা পারিবারিক সবজি ও পুষ্টির চাহিদা পূরণে বসতবাড়ির আঙিনায় অনাবাদি ও পতিত জমিতে প্রকল্পের সহযোগিতা ও উদ্ভুদ্ধকরণের মাধ্যমে পুষ্টি বাগান স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মো. হাফিজুর রহমান, বিএডিসি যুগ্মপরিচালক (সার)লিয়াকত হোসেন, বিএডিসি (সেচ) নির্বাহী প্রকৌশলী হাফিজ ফারুক, জেলা প্রশিক্ষণ অফিসার কাজী জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত উপপরিচালক মিজান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাজজাদ হোসেন, জিকেবিএসপি প্রকল্পের অতিরিক্ত উপপ্রকল্প পরিচালক মো. তৌহিদীন ভূঁইয়া, ক্লাইমেট স্মার্ট প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা শারমিনা শামিম, উপজেলা কৃষি অফিসার মো. ফরিদুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার এসএম ফেরদৌস, উপসহকারী কৃষি কর্মকর্তা হিমাংশু রায়।











































