খুলনাঞ্চল ডেস্ক।।
চীনে এক দিনে ৩ কোটি ৭০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এই ধারণার কথা জানিয়েছেন চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা। এ তথ্য যদি সত্য হয় তবে তা হবে মহামারিতে এক দিনে কোনও দেশে করোনায় আক্রান্তের রেকর্ড এবং বিশ্বের বৃহত্তম সংক্রমণ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
বুধবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এক অভ্যন্তরীণ বৈঠকের কার্যবিবরণী অনুসারে, ডিসেম্বরের প্রথম ২০ দিনে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৮০ লাখ মানুষ। যা দেশটির জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ। এটি সঠিক হলে ২০২২ সালের জানুয়ারিতে দিনে ৪০ লাখ মানুষ আক্রান্ত হওয়ার রেকর্ড ছাড়িয়ে যাবে।
চীনা স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কিসের ভিত্তিতে সংক্রমণের এই প্রাক্কলন করেছে তা স্পষ্ট নয়। বিশেষ করে এই মাসের শুরুর দিকে দেশটি পিসিআর পরীক্ষা বুথের নেটওয়ার্ক বন্ধ করে দেয়। বিভিন্ন দেশে মহামারিতে দৈনিক আক্রান্তের নির্ভুল সংখ্যা জানা কঠিন। কারণ ল্যাবে পরীক্ষার ফল নথিভুক্ত হলেও ঘরে পরীক্ষার তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয় না।
এই বিষয়ে ফ্যাক্সে পাঠানো বার্তার মাধ্যমে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মন্তব্য চেয়ে অনুরোধ পাঠায় ব্লুমবার্গ। কিন্তু কমিশন শুক্রবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত তাদের অনুরোধে সাড়া দেয়নি। সূত্র: আল জাজিরা











































