Home আঞ্চলিক সরকার প্রশাসনকে দিয়ে দেশটাকে কারাগারে পরিণত করেছে: মনা

সরকার প্রশাসনকে দিয়ে দেশটাকে কারাগারে পরিণত করেছে: মনা

6

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, স্বাধীনতার ৫১ বছর পরে এসে আজকের বাংলাদেশে কোন নাগরিকই তার রাষ্ট্রপ্রদত্ত সংবিধান স্বীকৃত কোন অধিকার ভোগ করতে পারছেন না। নাগরিকদেরকে শুধু অধিকারহারা করা হয়নি, গোটা রাষ্ট্রকাঠামোকে ভয়ংকর ভাবে তছনছ করে দিয়ে দেশকে একাত্তর পূর্ববর্তী ভয়াবহ অবস্থায় পৌঁছে দেয়া হয়েছে। একটি ফ্যাসিবাদী চরিত্রের মাফিয়া সরকার নিজেদের ক্ষমতাকে নিস্কন্টক করতে প্রশাসনকে লেলিয়ে দিয়ে গোটা দেশটাকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছে। গুম-খুন-হত্যা-মামলা-নির্যাতন-গণগ্রেফতার চালিয়ে নির্মমভাবে দমন করছে বিরোধী মতাদর্শকে। একটি মধ্যরাতের নির্বাচনের অবৈধ সরকারকে মসনদে টিকিয়ে রাখতে মরিয়া হয়ে ওঠা পুলিশ প্রশাসন তুঘলকি কান্ড ঘটিয়ে চলেছে। যার দগদগে ক্ষতচিহ্ন বহন করছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে তেজোদীপ্ত ভূমিকা পালনকারী মহানগরী খুলনাও।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত ডিসেম্বর মাসজুড়ে পুলিশের বিশেষ অভিযানের নামে গণগ্রেফতার ও গায়েবী মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতেই বিএনপি’র সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে তাদের মুক্তি দাবি জানিয়ে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, মহান বিজয়ের মাস ডিসেম্বর চলছে। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে এক সাগর রক্ত আর অজস্র জানা অজানা আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা সাংবিধানিক ভাবে স্বীকৃত সকল নাগরিক অধিকার ভোগ করবো, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবো, মত প্রকাশের স্বাধীনতা পাবো, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা পাবো, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সমাজে- এমনটাই ছিল জাতির প্রত্যাশা।
মনা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ¦ালানি তেল সহ অত্যাবশ্যকীয় পণ্যের দাম কমানো, জনদূর্ভোগ লাঘব করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার তথা জনগনের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি নিয়ে দেশের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক সংগঠন বিএনপি গত অক্টোবর মাস থেকে ধারাবাহিকভাবে দেশের সকল বিভাগীয় সদরে গণসমাবেশ কর্মসূচি পালন করেছে। খুলনায় কর্মরত থাকায় আপনারা দেখেছেন এবং জেনেছেন যে, ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে সরকার, পুলিশ প্রশাসন ও আওয়ামী ক্যাডার বাহিনী কি ধরনের নারকীয় কর্মকান্ড চালিয়েছিল। আপনাদের পরিবেশিত সংবাদের মাধ্যমে শুধু দেশবাসি নয়, বিশ^বাসী জেনেছে তাদের অপকর্মের কথা। সেই সাথে জেনেছে, বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে পথের সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে কিভাবে মানুষ বিএনপির গণসমাবেশগুলো সফল ও সার্থক করে তুলেছে। ধারাবাহিক এই কর্মসূচির শেষটি ছিল ঢাকা মহানগরে গত ১০ ডিসেম্বর। সারা দেশে বিএনপির কর্মসূচিতে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ফ্যাসিবাদী জনসমর্থনহীন সরকারকে ভীত-সন্ত্রস্ত করে তুলেছিল। তারা ধারণা করেছিল, ১৪ বছরের দুঃশাসন ও লুটপাটে বিক্ষুব্ধ জনতা ঢাকার রাজপথে অবস্থান নিয়ে তাদেরকে অবরুদ্ধ করে ফেলতে পারে। এ পরিস্থিতিতে সরকারের নির্দেশে তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার বিশ^স্ত হাতিয়ার পুলিশ বাহিনী ডিসেম্বর মাসের শুরু থেকে আকস্মিকভাবে দেশব্যাপি বিশেষ অভিযান শুরু করে। বিজয় দিবসকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সন্ত্রাস জঙ্গীবাদ মোকাবেলার নামে অভিযান চালানো হলেও প্রকৃত অর্থে এই অভিযানটি পরিচালিত হয়েছে সুপরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতারের লক্ষ্যে। খুলনার করিৎকর্মা পুলিশ প্রশাসন চলতি ডিসেম্বর মাসের প্রথম তিন সপ্তাহে গায়েবী, বানোয়াট, ভিত্তিহীন, অবাস্তব ও কল্পনাপ্রসূত অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১৪ টি মামলা দায়ের করেছে। খুলনা মহানগরীর ৮ টি থানার প্রতিটিতে একটি করে মামলা হয়েছে। জেলার রূপসা থানায় দুটি, ডুমুরিয়া থানায় দুটি, পাইকগাছা ও বটিয়াঘাটা থানায় একটি করে। মহানগরীর ৮ মামলায় এজাহারনামীয়সহ অজ্ঞাত পরিচয় আসামী করা হয়েছে ৪৪৫ জন নেতাকর্মীকে। আজ জেলার ৬ মামলায় এজাহারনামীয়সহ অজ্ঞাত পরিচয় আসামী হয়েছেন ৩৯০ জন। মোট আসামী হয়েছেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় সাড়ে ৮শ’ জন। বানোয়াট গায়েবী এসব মামলায় মহানগরীর ৪২ জন এবং জেলার ৪৭ জন নেতাকর্মী কারাবন্দী রয়েছেন। ঢাকায় বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে খুলনার ১০ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। যাদের মধ্যে পাইকগাছার ৪জন, ডুমুরিয়ার ২, দাকোপের ২ এবং মহানগর যুবদলের ২জন রয়েছেন। আসামীর পরিসংখ্যানে দেখা যায়, সদর থানার মামলায় ৮০ জন, সোনাডাঙ্গা থানার মামলায় ৬০ জন, খালিশপুর থানার মামলায় ৫৫জন, দৌলতপুর থানার মামলায় ৪৫ জন, খানজাহান আলী থানার মামলায় ৩০জন, আড়ংঘাটা থানার মামলায় ৫০ জন, হরিণটানা থানার মামলায় ৪৫ জন এবং লবণচরা থানার মামলায় ৮০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অপরদিকে পাইকগাছা থানার মামলায় ৭০জন, বটিয়াঘাটা থানার মামলায় ৮০জন, ডুমুরিয়া থানার প্রথম মামলায় ৬০ জন ও দ্বিতীয় মামলায় ৭৫ জন এবং রূপসা থানার প্রথম মামলায় ৬০ জন ও দ্বিতীয় মামলায় ৪৫জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলায় অভিযুক্তদের মধ্যে ১১০ জন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। এছাড়া খুলনার আদালত থেকে জামিন পেয়েছেন ৩১ জন। পুলিশের দায়ের করা মামলার এজাহারের কপি পড়লে স্পষ্টভাবেই বোঝা যায়, প্রতিটি মামলাই দায়ের করা হয়েছে অভিন্ন অভিযোগে। সরকার উৎখাতে নাশকতা সহিংসতা সৃষ্টি। সেজন্য বিএনপি নেতাকর্মীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় লাল টেপে মোড়ানো কথিত ককটেল, লোহার রডের টুকরা, লাঠি ও ইটের টুকরো নিয়ে হামলার পরিকল্পনা করছিল। অথবা ১০ ডিসেম্বর ঢাকায় গিয়ে নাশকতা সৃষ্টি করে সরকার উৎখাতের লক্ষ্যে গোপন বৈঠক করছিল। অথবা গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্থ করতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। অত্যন্ত দূর্বল হাস্যকর ও বাস্তবতা বিবর্জিত এসব এজাহার নামের স্ক্রীপ্টকে আমরা চ্যালেঞ্জ করছি। কারণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার চারপাশে একাধিক সিসি ক্যামেরা থাকে। এ ধরনের কোন স্থাপনার আশপাশ থেকে বিএনপির নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বা হামলা চালিয়েছেন এমন কোন ভিডিও ফুটেজ কি পুলিশ প্রশাসন দেখাতে পারবেন? ককটেল ফুটিয়ে স্থাপনা ধ্বংসের চেষ্টা চলেছিল। অথচ ককটেল বিস্ফোরিত হয়েছে এমন কোন প্রত্যক্ষদর্শী স্বাক্ষী থাকা দূরের কথা, কোন বিস্ফোরণের শব্দ শুনেছেন- এমন কাউকে কি পুলিশ হাজির করতে পারবেন? আমার দৃঢ়ভাবে বিশ^াস করি এর একটিও তারা পারবেন না। কারণ যা ঘটেনি, যা হয়নি- তার প্রমাণ দেবেন কিভাবে? মনা আরো উল্লেখ করেন, আমরা বলতে চাই, বিএনপি গণমানুষের সংগঠন, একটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন এবং গণতন্ত্রে বিশ^াসী একটি দল। আমরা একটি ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। নাশকতার নামে কোন ধরনের হঠকারিতার সাথে বিএনপির সম্পৃক্ত নয়। সরকার ও আওয়ামী লীগের শত উস্কানি ও নানামুখি অপতৎপরতার পরেও বিএনপি ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করছে। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে রাজনীতির চর্চ্চা করছি এবং এই তৎপরতা অব্যাহত রাখতে চাই। আর সেজন্য প্রজাতন্ত্রের সেবক পুলিশ প্রশাসন, যাদের বেতন ও ভরন পোষণ হয় জনগনের অর্থে, তাদের যথাযথ দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি। এজন্য পুলিশের প্রতি দাবি থাকবে, গত তিন সপ্তাহে যে সব মিথ্যা ভিত্তিহীন গায়েবী মামলা দায়ের হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। যারা কারাগারে রয়েছেন অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। মাসের শুরু থেকেই দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি অভিযানের নামে যে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে এবং এখনও যা অব্যাহত আছে, তা বন্ধ করতে হবে। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে ২৪ ডিসেম্বর শনিবার খুলনায় গণমিছিল করবে বিএনপি। বিকেল ৩টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হবে। খুলনার গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বর্ষিয়ান জননেতা ড. মঈন খান। আমাদের এই কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পুলিশ প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। প্রারম্ভিক বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন শেখ আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এ্যাড, মাসুম রশিদ, শেখ আসগর আলী, কে এম হুমায়ুন কবির, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, একরামুল কবির মিল্টন, এস এম মুর্শিদুর রহমান লিটন, নাজিরউদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, গাজী আফসারউদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, রাহাত আলী লাচ্চু, আব্দুর রহমান ডিনো, তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, শামসুল বারিক পান্না, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, মহিলা দলের এ্যাড. কানিজ ফাতেমা আমিন,নিঘাত সীমা, শ্রমিক দলের খান ইসমাইল হোসেন, তাঁতী দলের আবু সাঈদ শেখ, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি প্রমুখ।