Home আঞ্চলিক খুলনার দিঘলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী’র বিরুদ্ধে তদন্ত শুরু

খুলনার দিঘলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী’র বিরুদ্ধে তদন্ত শুরু

13

মো. জামাল হোসেন।।

জমির দলিল রেজিস্ট্রির নামে ঘুষ গ্রহণ এবং নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে এবার খুলনার দিঘলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈ’র বিরুদ্ধে আইন মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে। এসব অভিযোগের তদন্তে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব সরেজমিনে খুলনা সফর করে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈসহ মোট ৭জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
খুলনা জেলা রেজিস্ট্রার দিপক কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তিনি উপস্থিত থেকে শুধুমাত্র দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন। তদন্তের ফলাফল বা এ বিষয়ে এর বেশি কিছু তিনি জানেন না।

এর আগে তদন্তের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে প্রেরিত খুলনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-এর কার্যালয়ের নেজারত শাখার ম্যাজিস্ট্রেট-ইনচার্জ নয়ন বিশ^াস স¦াক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, দিঘলিয়া উপজেলার বাসিন্দা মো. ইনামুল শেখ গং দিঘলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈ’র বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-১’র সিনিয়র সহকারি সচিব বরাবর দাখিল করেন। তারই প্রেক্ষিতে একই মন্ত্রণালয়ের বিচার শাখা-৭’র ১৫ ডিসেম্বরের পত্রের আলোকে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টায় খুলনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে (৪র্থ তলা) তদন্ত কার্যক্রমে সকল প্রকার সাক্ষ্য ও দালিলিক প্রমাণসহ স্ব-শরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানান, কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক তদন্ত কমিটির সামনে দিঘলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈ, অভিযোগকারী মো. ইনামুল শেখ, দলিল লেখক ফেরদৌস লিটু, মো. মুরাদ হোসেন, শেখ আল-আমিন, কাইয়ূম মোল্লা ও মো. আমজাদসহ ৭জন উপস্থিত ছিলেন। তদন্ত কার্যক্রম পরিচালনা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৭’র সিনিয়র সহকারি সচিব মুরাদ জাহান চৌধূরী।
অভিযোগকারী মো. ইনামুল শেখ এ প্রতিবেদককে বলেন, তদন্ত কমিটি তার অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চান। তিনি অভিযোগের স্ব-পক্ষে সকল প্রমাণসহ তথ্য দিয়েছেন। এছাড়া অন্যান্যদের কাছেও এ বিষয়ে জেনেছেন তদন্ত কমিটি। সঠিক ও নিরপেক্ষ তদন্ত হলে তার অভিযোগ প্রমাণিত হবে বলে আশা করছেন তিনি।


ফ্লাশ ব্যাক : লিখিত অভিযোগে জানা গেছে, খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের আব্দুল গফুর শেখের পুত্র ইনামুল শেখ ও একই গ্রামের জয়নাল মোল্লার পুত্র কাইম মোল্লা স্থানীয় নগরঘাটস্থ এলাকায় জমি ক্রয়ের জন্য নূর-এ কাদের ও তার বড় ভাই মোহাম্মদ-এ কাশেমের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কিন্তু তারা ঢাকার গুলশানে বসবাস করা এবং শারীরিক অসুস্থ্যতার কারণে দলিলটি কমিশন রেজিস্ট্রির প্রয়োজনীয়তা দেখা দেয়। সে কারণে ক্রেতারা দিঘলিয়া উপজেলা সাব-রেজিষ্ট্রার শুভ্রা রানী বাড়ৈ’র সঙ্গে গত বছরের ১৪ সেপ্টেম্বর যোগাযোগ করলে ঢাকায় গিয়ে দলিল কমিশন করতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি। কিন্তু সাব-রেজিষ্ট্রি অফিসের নকল নবিশ (অস্থায়ী) তসলিম রেজা সাকিলের মাধ্যমে তিনি তাদের সাব-রেজিস্ট্রারের খাস কামরায় ডেকে নেন। সেখানে তাদের বলেন, কমিশন রেজিস্ট্রি করতে হলে জেলা রেজিস্ট্রারের অনুমতি লাগবে। এ জন্য ৫ লাখ টাকা লাগবে। ৫ লাখ টাকা দিলে আমি জেলা রেজিস্ট্রারের অনুমতি নিয়ে যেতে পারবো। ক্রেতারা অফিসের বাইরে এসে নিজেদের মধ্যে আলোচনা করে ২ লাখ টাকা দিতে চান। কিন্তু তিনি বলেন, এই টাকা দিয়ে জেলা রেজিস্ট্রারকে রাজি করানো যাবে না’। পরে তিনি এক লাখ টাকা কম দিতে বলেন। এভাবে দর কষাকষি করে তিনি ৪ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন। ১৬ সেপ্টেম্বরের মধ্যে জমির কাগজপত্র, টাকা এবং তার স্বামীকে নিয়ে ঢাকায় যাতায়াতের জন্য বিমানের ৩টি টিকিট তার সহকারি সাকিলের (নকল নবিশ) কাছে প্রদান করতে বলেন। সে মোতাবেক ক্রেতারা ৩ লাখ টাকা দেন। কিন্তু পরদিন ১৭ সেপ্টেম্বর তিনি তার উপজেলা সদর মোড়স্থ ভাড়াকৃত বাসায় ডেকে নিয়ে তাদের বলেন, ‘আপনারা বাকি টাকা না দিলে আমি ম্যানেজ করতে পারছিনা’ না বলে জানান। সে অবস্থায় বাধ্য হয়ে ক্রেতা ইনামুল শেখ বাসা থেকে আরও এক লাখ টাকা এবং ইউএস বাংলা এয়ার লাইন্সের ৩টি টিকিট এনে দেন।

সে মোতাবেক সাব-রেজিষ্ট্রার শুভ্রা রানী বাড়ৈ, তার স্বামী প্রহলাদ দেবনাথ এবং নকল নবিশ তসলিম রেজা সাকিল ১৮ সেপ্টেম্বর ইউএস বাংলা এয়ার লাইন্সে ঢাকায় পৌঁছান। বেলা ১১টার দিকে ঢাকা বিমান বন্দর থেকে ক্রেতা ইনামুল শেখ তাদের তিনজনকে রিসিভ করে প্রাইভেটকারে গুলশানে দাতার বাড়িতে পৌঁছান। সেখানে হঠাৎ করে সাব-রেজিষ্ট্রার তাদের বলেন, ‘আপনাদের দরখাস্তে ভুল আছে- গুলশান-১’র কথা আবেদনে উল্লেখ করে কেন গুলশান-২ এ আনা হলো? আমি রেজিস্ট্রি করতে পারবেবা না’। তখন তার স্বামী প্রহলাদ দেবনাথ বলেন, ‘আপনারা ওই ৫ লাখ টাকা পুরিয়ে দেন, তাহলে ম্যাডাম রেজিস্ট্রি করবেন। অন্যথায় তাকে জেলা রেজিস্ট্রার রেজিস্ট্রি করতে নিষেধ করেছেন। এ সময় দাতা নূর-এ কাদের তার ভাই’র বাসা গুলশান-২ এ হলেও তার বাসা গুলশান-১ এ। সেখানে যেতে অনুরোধ করলেও তিনি রাজি না হয়ে তাৎক্ষনিক বেরিয়ে আসেন।

ইনামুল শেখ অভিযোগ করেন, সাব-রেজিষ্ট্রার শুভ্রা রানী বাড়ৈ এবং তার স্বামীসহ ৩জনের ঢাকায় যাতায়াত বাবদ প্রায় ৫০ হাজার টাকা খরচ করতে হয়। কিন্তু তিনি দলিল রেজিস্ট্রি না করায় তিনি খুলনায় এসে জেলা রেজিস্ট্রারকে বিষয়টি অবহিত করেন। জেলা রেজিস্ট্রার টাকা ফেরতের আশ^াস দিয়ে সাব-রেজিস্ট্রারকে বলে দেন। পরে সাব-রেজিস্ট্রারের সঙ্গে করলে পে-অর্ডার ও নগদ ২ লাখ টাকা ফেরত দেন। কিন্তু জমির দলিল, পর্চা, ওয়ারেশ কায়েম, খাজনার দাখিলাসহ অন্যান্য কাগজপত্র এবং বাকি ২ লাখ টাকা এখনও ফেরত দেননি। উপরন্তু বিভিন্ন ভাবে পুলিশ দিয়ে হয়রাণির চেষ্টা করেন।
যদিও ওই সময় অভিযোগের বিষয়ে সাব-রেজিষ্ট্রার শুভ্রা রানী বাড়ৈ দাবি করেন, ক্রেতার অর্থে ঢাকা ভ্রমণের বিমানের টিকিট ক্রয় করা হলেও তিনি স্বামীর টিকিটের টাকা ফেরত দিয়েছেন। কিন্তু ঠিকানা ভুল থাকায় তিনি রেজিস্ট্রি না করেই ফিরে আসেন।
সূত্র জানায়, দিঘলিয়া উপজেলার দলিল লেখকদের কথোপকথনের কল রেকর্ডে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের ঘুষ কেলেংকারী চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়। বিশেষ করে এ কথোপকথনে দলিল লেখকরা দলিল রেজিস্ট্রি বাবদ প্রতি লাখে সাব-রেজিস্ট্রারকে ৫শ’ টাকা করে ঘুষ দেওয়ার বিষয়টি স্বীকার করেন। একই সঙ্গে তারা এভাবে আর ঘুষ দিবেন না বলেও ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিষয়েও মোবাইলে একে অপরের সঙ্গে আলোচনা করেন। দিঘলিয়া দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ জন দলিল লেখক পরস্পর মোবাইলে কথোপকথনে দলিল রেজিস্ট্রি বাবদ সাব-রেজিস্ট্রার কর্তৃক প্রতি লাখে ৫শ’ টাকা করে ঘুষ গ্রহণের বিষয়ে কথা বলেন। এরা হচ্ছেন- সমিতির সভাপতি মোড়ল মফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ টুটুল, আনিসুর রহমান, রাজু কুমার সেন, আশরাফুল ইসলাম ও অপু দেবনাথ।

দিঘলিয়া দলিল লেখক সমিতির সভাপতি মোড়ল মফিজুর রহমানকে জনৈক ব্যক্তির সঙ্গে মোবাইল কথোপকথনে বলতে শোনা যায়, সাব-রেজিস্ট্রার প্রতি মাসে লাখ লাখ টাকা ঘুষ নিচ্ছে। দলিল লেখকরা সবাই বসে এ ঘুষ না দেওয়ার বিষয়ে আলোচনা করেন তিনি। সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ টুটুলকেও দলিল লেখকরা সবাই বসে ঘুষ বন্ধের বিষয়ে কি করা যায়- তা নিয়ে আলোচনা হয়। এছাড়া ঘুষ না দিলে সাব-রেজিস্ট্রার কর্তৃক দলিল লেখকদের লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকির বিষয়টিও উঠে আসে।

একইভাবে দলিল লেখক অপু দেবনাথও সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈ কর্তৃক দলিল বাবদ প্রতি লাখে ৫শ’ টাকা করে ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেন। এমনকি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করার বিষয়ে আলোচনা হয়। কথোপকথনে দলিল লেখকরা সবাই সাব-রেজিস্ট্রারের ঘুষ গ্রহণের বিষয়টি এক বাক্যে স্বীকার করেন এবং এ ঘুষ বন্ধের ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।

অপর অভিযোগে জানা গেছে, দলিলের ভুল সংশোধনের জন্য দিঘলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের কথা বলে ওই অফিসের পেশকার গ্রাহকদের কাছে দলিল প্রতি ৫ হাজার টাকা করে অর্থ দাবি করেন। কিন্তু অর্থ দিতে অস্বীকার করায় ১৩টি দলিলের সংশোধনী আবেদন গ্রহণ করা হয়নি। এ ঘটনায় ১৩টি দলিলের ৯জন ক্রেতা প্রতিকার চেয়ে জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী দলিল গ্রহিতারা হলেন- স্থানীয় দেয়াড়া গ্রামের মো. দেলোয়ার ব্যাপারী, আব্দুল মালেক হাওলাদার, মো. কামাল হাওলাদার, সমীর কুমার দাস, মো. মোরশেদ আলম, মো. মিলন সরদার, ফাতেমা বেগম, মোসাঃ হাসিনা বেগম ও মো. বেলায়েত হোসেন।

এ বিষয়ে গত জানুয়ারির শুরুর দিকে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সরেজমিনে দিঘলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে এ বিষয়ে সংশ্লিষ্টদের স্বাক্ষ্য গ্রহণ করেন। তদন্তের বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা তৎকালীন খুলনা সদর সাব-রেজিস্ট্রার মো. আনোয়ার হোসেন। কিন্তু ওই তদন্ত লাল ফিতায় বন্ধী রয়েছে বলে সূত্র জানিয়েছে।
#