স্টাফ রিপোর্টার।।
খুলনার রূপসা উপজেলা সদরে মালিবাগ মোড় থেকে আলাইপুর হয়ে শেখপুরা পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ শেষ হওয়ার পর সপ্তাহ না-যেতেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। স্থানীয়রা ক্ষুব্ধ হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দায়সারাভারে সড়কের ক্ষতিগ্রস্ত স্থান মেরামত করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
রূপসা উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় গত ২৩ মার্চ মালিবাগ মোড় থেকে শেখপুরা পর্যন্ত ৬ কিলোমিটার জিসি সড়কের কার্যাদেশ পায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আকন ট্রেডিং এন্ড কোং এবং মেসার্স এস আর ট্রেডার্স। কার্যাদেশ অনুযায়ী চুক্তি মূল্য ৬ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা। অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ প্রায় ১ কোটি সাড়ে ৩ লাখ টাকারও বেশি। কাজ শেষ হওয়ার কথা ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি।
অভিযোগ উঠেছে, সময়ের আগেই দ্রুততার সঙ্গে কাজটি শেষ করা হয়েছে। এক নাম্বার ইটের খোয়া দেওয়ার কথা থাকলেও নিম্নমানের পুরাতন রাস্তার খোয়া এবং রাস্তার পাশের পাইলিংয়ের জন্যও নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এরপর ভালোভাবে সড়কের উপরিতল পরিষ্কার না করেই বিটুমিন দিয়ে কার্পেটিং করার ফলে কার্পেটিং টেকসই হয়নি। যে কারণে এক সপ্তাহ না যেতেই রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম সম্প্রতি বদলি হওয়া জেলা নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামানের আস্তাভাজন। তিনি খুলনায় থাকাবস্থায় বিল উত্তোলনের জন্য তড়িঘড়ি কাজটি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, কার্পেটিংয়ের আগে পুরনো রাস্তার ইট ব্যবহার করে দীর্ঘদিন ফেলে রেখেছিল। হঠাৎ দেখলাম দ্রুত সব কাজ শুরু হয়েছে। এ সময় রাস্তা পুরোপুরি পরিষ্কার না করেই পিচ দিয়েছে। এ সময় কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী বলেন, অনিয়ম করতে দেখলেও প্রতিবাদ করতে পারিনি। প্রভাবশালী নেতার ভয় দেখানো হয়েছে আমাদের।
এ বিষয়ে ঠিকাদার শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজে ত্রুটি ছিল না। তবে কাজ চলমান থাকাবস্থায় ওভার লোডের গাড়ি চলাচল করায় সমস্যা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সেটা ঠিক করে দেয়া হয়েছে।
রূপসা উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান বলেন, অভিযোগের পর ঊর্ধ্বতনেরা সরেজমিন কাজ পরিদর্শন করেছেন। মেরামতের জন্য ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে। তিনি সেগুলো ঠিক করে দিচ্ছেন।











































