মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব হাসপাতালে দন্ত ইউনিট চালু করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বন্দর হাসপাতালে এ দন্ত ইউনিটের উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা। এ সময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) মোঃ আব্দুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) মোঃ শাহিনুর আলম ও বন্দর হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হামিদসহ অন্যান্যরা।
ডাঃ মোঃ আব্দুল হামিদ বলেন, মোংলা বন্দর হাসপাতাল প্রতিষ্ঠিত হলেও এ পর্যন্ত কোন দন্ত ইউনিট না থাকায় বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা এ হাসপাতালে দন্ত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। তবে এখন হাসপাতালে দন্ত ইউনিট চালু হওয়ায় মোংলা বন্দরের কর্মকর্তা ও কর্মচারীসহ তাদের পোষ্যরা এই বন্দর হাসপাতালেই দন্ত রোগের সকল চিকিৎসা সেবা নিতে পারবেন। তিনি আরো বলেন, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ একটি স্বয়ংসম্পূর্ণ ডেন্টাল ইউনিটে বিজ্ঞ সার্জন দিয়ে ছুটির দিন বাদে বাকী সকল দিনই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগীরা চিকিৎসা নিতে পারবেন এ হাসপাতালে।











































