স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর লবণচরায় ২৩ মামলার আসামি মো. গোলাম মোস্তফা ওরফে মোস্ত (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় বান্ধাবাজার এলাকায় গত রোববার বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি দেশি ছোরা উদ্ধার করা হয়।
কেএমপি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মোস্ত লবণচরা বান্ধাবাজার এলাকার আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, লবণচরা থানার দায়ের করা মামলায় এজাহারনামীয় গ্রেপ্তারকৃত আসামি মো. গোলাম মোস্তফা ওরফে মোস্ত (৪৫) এর স্বীকারোক্তি ও দেখানো মতে লবণচরা থানাধীন বান্ধাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রোববার সকাল সাড়ে ১০টায় গোড়াখাল জলিলের দোকানের পিছনে পরিত্যক্ত ড্রেন হতে প্লাস্টিকের সাদা ব্যাগে রক্ষিত অবস্থায় ৩টি ছোরা উদ্ধার করা হয়।
এ সংক্রান্ত লবণচরা থানায় মামলা দায়ের করা হয়েছে। গোলাম মোস্তফা ওরফে মোস্ত’র বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি-জালিয়াতি, অপহরণ ও অন্যান্য মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এর আগেও একাধিকবার পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তার হয় এই মোস্ত।











































