কয়রা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার কয়রায় রাবেয়া খাতুন নামে সেই গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে গৃহবধূর মেয়ে রোজিনা খাতুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন।
গত শনিবার রাতে রাস্তা দিয়ে প্রতিবেশির বাড়িতে যাওয়ার সময় গৃহবধু রাবেয়া খাতুনের শরীরে এসিড নিক্ষেপ করা হয়। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহারে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে রাবেয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এসিড নিক্ষেপ করা হয়েছে। এতে তার চোখের ডানপাশ, কোমর ও ডান হাতের বিভিন্ন স্থান ঝলসে যায়।
রাবেয়া খাতুনের স্বামী রেজাউলের অভিযোগ, বেশ কিছু দিন আগের একটি মারামারির ঘটনায় প্রতিবেশী জাহাঙ্গীর সানাদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায়ও তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। রাতে তার স্ত্রীকে প্রতিপক্ষের লোকজন এসিড নিক্ষেপ করে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম এস দোহা বলেন, রোববার ওই নারীর মেয়ে বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।











































