Home আন্তর্জাতিক বিশ্বকাপে কমেছে চুরির সংখ্যা!

বিশ্বকাপে কমেছে চুরির সংখ্যা!

9

খুলনাঞ্চল ডেস্ক।।

রাত জেগে ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখায় কমেছে চুরির সংখ্যা! অবাক হলেও ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিশ্বকাপ চলাকালে চুরি হয়েছে অন্য যে কোনো সময়ের চেয়েও কম।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কলকাতায় প্রায় এক-চতুর্থাংশে নেমে গিয়েছে রাতে চুরির ঘটনা। কলকাতা পুলিশের সদরদপ্তর লালবাজার জানিয়েছে এ তথ্য।

লালবাজার আরও জানায়, কলকাতায় প্রতি রাতে চার থেকে পাঁচটি করে চুরির ঘটনা ঘটে। তবে বিশ্বকাপ শুরুর পর প্রতি রাতে গড়ে একটি, বড়জোড় দুটি করে চুরি হয়েছে।প্রায় ভোররাত পর্যন্ত ফুটবলপ্রেমীদের উল্লাস চোরদের চুরিতে বাধাগ্রস্থ করেছে।

লালবাজারের গোয়েন্দা কর্মকর্তার মতে, কলকাতায় গত  এক মাসে চুরির পরিসংখ‌্যানই বলে দিচ্ছে যে, সবার এই উৎসাহ কাজে বড্ড বাধা দিয়েছে চোরদের।

অপর এক পুলিশ কর্মকর্তা বলেন, যদি সারা বছর বিশ্বকাপ হয়, তবে হয়তো চুরিই বন্ধ হয়ে যাবে। তবে এবার বিশ্বকাপ শেষ। গভীর রাতে ঘুমিয়ে পড়বে কলকাতা। তার ফলে যাতে চোরদের বাড়বাড়ন্ত না হয়, তার জন‌্য সতর্ক হয়েই টহল দেবে পুলিশ।