কয়রা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার কয়রায় রাবেয়া খাতুন (৪৬) নামের এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামের চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রেজাউল সানার স্ত্রী।
এসিড নিক্ষেপের পর তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কেএমআর হাসান জানান, ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে রেফার্ড করা হয়েছে। রোগীর মুখের একপাশ, ডান হাত ও ডান পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. ফেরদৌস বলেন, ওই গৃহবধূ রাত ৮টার দিকে বাড়ির সামনের রাস্তা দিয়ে প্রতিবেশির বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে এসিড নিক্ষেপ করা হয় বলে শুনেছি। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন শেষে ওই নারীর সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেছি। তার শরীরের এক পাশের কিছু অংশে ক্ষত দেখা গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।








































