Home আঞ্চলিক কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন

কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন

10

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়ায় মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাবেক মেম্বর আকবর হোসেন লিপনকে (৪৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলহাটা গ্রামের উত্তরপাড়া শিকদার বাড়ির নতুন মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহত লিপন মঙ্গলহাটা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তিনি গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আকবর হোসেন লিপন রোববার রাত ৯টার দিকে মঙ্গলহাটা গ্রামের মধ্যপাড়া বেল্লালের চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা লিপনের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

এলাকাবাসী গুরুতর আহত লিপনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ সাইফুল্লাহ বেলাল বলেন, লিপনের ডান হাত শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। দুই পাসহ সারা শরীরেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। অবস্থা গুরুতর দেখে তাকে রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লিপনের মা স্বরুপজান ও পরিবারের লোকেরা অভিযোগ করে বলেন, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে লিপনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনে লিপন চেয়ারম্যান পদে নির্বাচন করে। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন আমার ছেলে লিপনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।

স্থানীয়রা জানান, লিপনের ওপর হামলা শেষে ওই রাতেই হামলাকারীরা লিপন সমর্থিত চন্নু মোল্যা, মান্নান মোল্যা ও পিরু মোল্যার বাড়ি ভাংচুর করেছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে। বর্তমান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গ্রাম্য আধিপত্যের জেরে ধরে এ ঘটনা ঘটতে পারে।