Home জাতীয় ২ বিক্ষোভকারীর মৃত্যুতে বোধোদয় পেরুর নতুন প্রেসিডেন্টের

২ বিক্ষোভকারীর মৃত্যুতে বোধোদয় পেরুর নতুন প্রেসিডেন্টের

8

খুলনাঞ্চল ডেস্ক।।
সাবেক প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলোর মুক্তি, নতুন নির্বাচনের দাবিতে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। এতেই বোধোদয় হয়েছে সদ্য ক্ষমতায় আসা প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে’র। তিনি নির্ধারিত সময়ের দু’বছর আগেই নির্বাচন দেয়ার পরিকল্পনা করছেন। এ জন্য কংগ্রেসে একটি বিল আনবেন। এতে বলা হবে দুই বছর এগিয়ে ২০২৪ সালের এপ্রিলে নির্বাচন করতে চান তিনি। রোববার এ বিষয়ে টেলিভিশনে ভাষণ দিয়েছেন মিস বোলুয়ার্তে। তিনি বলেছেন, নাগরিকদের ইচ্ছার অধীনে সিদ্ধান্ত নিয়েছি কংগ্রেসে একটি চুক্তি করবো। এর উদ্দেশ্য হবে জাতীয় নির্বাচন এগিয়ে ২০২৪ সালের এপ্রিলে করা। এ খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অনলাইন দ্য ন্যাশনাল।
সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলোর মুক্তি এবং জাতীয় নির্বাচনের দাবি ক্রমশ দেশটিতে জোরালো হচ্ছে।
বুধবার দেশটির পার্লামেন্ট অভিসংশিত করে তাকে। কারণ, তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে ডিক্রিবলে রাষ্ট্র চালাতে চেয়েছিলেন। পেদ্রো ক্যাস্তিলো একজন বামপন্থি। তাকে অভিসংশনের পর পরই গ্রেপ্তার করা হয়। এরপরই তার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মিস দিনা বোলুয়ার্তে’কে প্রেসিডেন্ট নির্বাচন করে দ্রুততার সঙ্গে শপথ বাক্য পাঠ করানো হয়।
নতুন প্রেসিডেন্ট শনিবার মন্ত্রীপরিষদের পরিচয় করিয়ে দেন। এতে আছেন আটজন নারী সহ নিরপেক্ষ এবং টেকনোক্রেটদের। সাবেক প্রসিকিউটর পেদ্রো অ্যাঙ্গুলো’কে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু পেদ্রো ক্যাস্তিলোর মুক্তি দাবিতে ক্যাজামারকা, আরেকুইপা, হুয়ানকায়ো, কুসকো এবং পুনো সহ বিভিন্ন শহরে তীব্র প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় রোববার। এদিন বিক্ষোভকারীরা শহরের বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় আন্দাহুয়ালাস শহরে। সেখানে দু’জন নিহত হন। আহত হয়েছেন একজন পুলিশ কর্মকর্তা সহ কমপক্ষে ৫ জন। সেখানে উপস্থিত দাঙ্গাপুলিশ কয়েক হাজার বিক্ষোভকারীকে নিয়ন্ত্রণে নেয়। এই আন্দাহুয়াইলাস শহর এবং আপুরিমাকের মধ্যবর্তী স্থানে বর্তমান প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে’র বাড়ি।
পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর বিক্ষোভকারীরা তাদের দিকে গুলতি থেকে ইটপাটকেল ছাড়াও হাত দিয়ে ইটপাটকেল ছোড়ে। হুয়ানক্যাবাম্বার আপুরিমাক শহরে একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সিজার সারভ্যান্টিস একটি রেডিও স্টেশনে ঘোষণা দিয়ে জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানান। এ সময় পুলিশ একজন টিনেজারের মৃত্যুর খবর নিশ্চিত করার পর তিনিও একই ঘোষণা দেন।