Home আঞ্চলিক যে কারণে প্রধান শিক্ষককে জুতাপেটা করলেন শিক্ষিকা

যে কারণে প্রধান শিক্ষককে জুতাপেটা করলেন শিক্ষিকা

13
প্রতীকী ছবি

মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের মনিরামপুরের দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন রায়কে জুতাপেটা করেছেন এক সহকারী শিক্ষিকা। রোববার দুপুরে এ ঘটনা ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ ও সংশ্লিষ্ট এলাকাবাসী সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে ওই বিদ্যালয়ের এক শিক্ষিকা যান বিদ্যালয়ে। অফিস কক্ষে হাজিরা খাতায় স্বাক্ষর করতে গিয়ে খাতা না পেয়ে শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষে প্রবেশ করেন। দুপুর ১টার দিকে পরীক্ষা শেষ হওয়ার এক পর্যায় শিক্ষিকা প্রধান শিক্ষকের অফিস কক্ষে যান হাজিরা খাতায় স্বাক্ষর করতে।

এ সময় টেবিলে খাতা না পেয়ে প্রধান শিক্ষকের কাছে খাতা চাইলে প্রধান শিক্ষক নীহার রঞ্জন রায় ওই শিক্ষিকার গায়ের ওড়না ধরে টান দেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষিকা পায়ের জুতা দিয়ে প্রধান শিক্ষককে মারপিট করেন।

ওই শিক্ষিকার দাবি, রোববার বিদ্যালয়ে পৌঁছে হাজিরা খাতা না পাওয়ায় তিনি পরীক্ষার হলে চলে যান। পরীক্ষা শেষে হাজিরা খাতায় স্বাক্ষর করতে গেলে অফিস কক্ষে কেউ না থাকার সুযোগে প্রধান শিক্ষক নীহার রঞ্জন রায় ওই শিক্ষিকার গায়ের ওড়না ধরে টান দেন। তিনি প্রধান শিক্ষকের কাছে গিয়ে পড়েন। এ সময় রাগে-ক্ষোভে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে প্রধান শিক্ষককে জুতাপেটা করেছি।

তিনি আরও জানান, প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায় তাকে বহুদিন ধরেই কুপ্রস্তাবসহ অনৈতিক দাবি করে আসছেন। প্রস্তাবে সাড়া না দেয়ায় তাকে নানাভাবে হয়রানি করে আসছিলেন প্রধান শিক্ষক। বিষয়টি কমিটিকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। এরপর প্রধান শিক্ষকের হাত থেকে রক্ষা পেতে ১৪ নভেম্বর সংশ্লিষ্ট মহাপরিচালকসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে এ ঘটনার পর বিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে খবর পেয়ে মনিরামপুর থানা থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে পৌঁছান। এক পর্যায়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে মতবিনিময় করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি ফোন পাওয়ার পর থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাককে দায়িত্ব দিয়ে সেখানে পাঠানো হয়েছিল। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনিছুর রহমান তজু জানান, বিষয়টি আমরা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আগে বসবো। পরবর্তীতে কী সিদ্ধান্ত হয় সেটা আপনারা জানতে পারবেন।

প্রধান শিক্ষক নীহার রঞ্জন রায়ের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার বলেন, তিনি খবরটি শুনেছেন। সোমবার সরেজমিন দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে যাবেন।