Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

10
বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা অনন্য এক ভুবন, যার নাম “চর বিজয়’’। চারদিকে অথৈই জলরাশি, আর শুধুই ধু-ধু বালু। চেনা-অচেনা নানা প্রজাতির অতিথি পাখির কলকাকলী ও লাল কাকঁড়া ছুটো ছুটি। সমুদ্রের মধ্যখানে এ যেন এক টুকরা ভুমি। নেই জনবসতি কিংবা গাছপালা। সাগরকন্যা কুয়াকাটার সৈকত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব কোণে পর্যটনের নতুন এক সম্ভাবনা : পিবিএ

আজ শহীদ হাদিস পার্কে সুশান্ত নন্দীর স্মরণ সভা
খবর বিজ্ঞপ্তি
৬৯’এর গণঅভ্যুত্থানের সংগ্রামী যোদ্ধা সুশান্ত কুমার নন্দীর প্রয়াণ দিবস উপলক্ষে আজ সোমবার শহীদ হাদিস পার্কে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। বেলা তিনটায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। ৬০-এর দশকের ছাত্রলীগ নেতা সৈয়দ মনোয়ার আলীর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি থাকবেন বৃহত্তর খুলনার বিএলএফ প্রধান শেখ কামরুজ্জামান টুকু, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। স্মরণ সভায় উপস্থিত থাকার জন্য সুশান্ত কুমার নন্দী স্মৃতি পরিষদের পক্ষ থেকে সকলকে আহবান জানানো হয়েছে।

 

জিয়া পরিষদের মহাসচিবের সুস্থ্যতা কামনা
খবর বিজ্ঞপ্তি
জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন শনিবার ঢাকার কমলাপুরের গোলাপবাগ মাঠে বিএনপি’র ঢাকা বিভাগীয় গণসমাবেশের মঞ্চে হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত মিরপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। তার সুস্থ্যতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা ও মহানগর জিয়া পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন, পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডক্টর মোঃ হারুনুর রশিদ খান, প্রফেসর ডক্টর মোঃ আশরাফ হোসেন, প্রফেসর ডক্টর মোঃ নজরুল ইসলাম, প্রফেসর ডক্টর মোঃ গোলাম রাক্কিবু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, খুলনা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডঃ মশিউর রহমান নান্নু, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান শফিক, সহ সভাপতি মোঃ রুহুল আমীন, কাজী ফেরদৌস বাবু, মোহাম্মদ মনজুর রহমান, এস এম মোহাম্মদ আলী, মোঃ মিজানুর রহমান, প্রভাষক মনিরুল হক, মোঃ ওসমান গনি, মোহাম্মদ মিশকাত হোসেন, প্রভাষক জাহিদুর রহমান রাজু, এম এম এ বাশার, মোহাম্মদ খোরশেদ আলম, জাহেদ আলম, মাহমুদুল হাসান, মোঃ রবিউল ইসলাম, মইনুল ইসলাম, অধ্যাপক রবিউল ইসলাম, এ্যাডভোকেট মহসিন মোল্লা, এ্যাডভোকেট মোঃ মারুফ, মেশকাত হোসেন, মোঃ রবিউল ইসলাম, মোহাম্মদ মোর্তজা, মোহাম্মদ নাসিরুদ্দিন, গাজী আব্দুল কুদ্দুস প্রমুখ।

ভারতে আটক ৭ বাংলাদেশি যুবককে বেনাপোল দিয়ে হস্তান্তর
বেনাপোল প্রতিনিধি
পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যেয়ে আটক ৭ বাংলাদেশি যুবককে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।রবিবার সন্ধ্যায় তাদেরকে হস্তান্তর করা হয়। আটকরা হলো মোঃ মুন্না খান (৫৩), জেলা-যশোর মোঃ আরিফুল ইসলাম (১৯), জেলাঃ সাতক্ষীরা মোঃ তোফায়েল (৩৪), জেলাঃ নরসিন্দি সদর, মোঃ হুমায়ুন কবির(২৮) জেলাঃ ময়মনসিংহ মোঃ আরিফুল হক (৩০),জেলাঃ সাতক্ষীরা মোঃ আলামীন (৩০),জেলাঃ পটুয়াখালী মোঃ মোকসেদ আলী (৩৩),জেলাঃ সাতক্ষীরা।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ভোমরা ও বেনাপোল সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর ভারতীয় পুলিশ তাদেরকে আটক করেন।
পরে তাদের ভারতে তামিল নাইডু কারাগারে প্রেরণ করে। কারাভোগ শেষে আজ ভারতীয় ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশের নিকট হস্থান্তর করেন । এ সময় বিজিবি-বিএসএফ এর টহলদল উপস্থিত ছিলেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই ইমদাদ বলেন ইমিগ্রেশনের দেওয়া ৭ বাংলাদেশি কে থানার কার্যক্রম শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত সেবা পেতে ফুলতলা উপজেলা নির্বাচন অফিসে ভিড়
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত সেবা পেতে খুলনার ফুলতলা উপজেলা নির্বাচন অফিসে ভিড় বেড়েছে । নতুন ভোটার হওয়া, ভোটার স্থানান্তর, ভোটার তালিকার নাম সংশোধন করা এবং স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন উপজেলার ৪ টি ইউনিয়নের নাগরিকেরা। এ পরিস্থিতিতে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের। গত ৯ ডিসেম্ভর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।সেবা প্রত্যাশী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন গড়ে ২ শ” থেকে ২শ”৫০ জন উপজেলা নির্বাচন অফিসে সেবা নিতে আসছেন।তাদের মধ্যে বেশিরভাগই নতুন ভোটার হওয়ার জন্য আসেন। এছাড়া ভোটার স্থানান্তর, ভোটার তালিকার নাম সংশোধন করা এবং স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণের জন্যও অনেকে আসেন।অনলাইনের কারণে এসব সেবা পেতে আবেদন অনেক সহজ ও গতিশীল হলেও সেসব আবেদন নিষ্পত্তির জন্য স¦শরী এসে নির্বাচন অফিসে জমা দিতে হয়। নির্বাচন অফিস থেকে নাগরিককে সনাক্ত করার পর বায়োমেট্রিক গ্রহণ করে নিবন্ধন করা হয়। আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোঃ আব্দুল লতিফ জানান আমি উপজেলা নির্বাচন অফিসে গিয়েছিলাম ভোটার স্থানান্তর করার জন্য উপজেলা নির্বাচন অফিসার আন্তরিকতার সাথে আমার কাজটি সল্প সময়ের মধ্যে করে দিয়েছেন। ফুলতলা উপজেলা নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান সাথে কথা হলে তিনি জানান এখানে যোগদান করেছি কয়েকদিন হলো , প্রতিদিনই সাধারন মানুষ আসছেন সেবা নিতে নতুন ভোটার হওয়া, ভোটার স্থানান্তর, ভোটার তালিকার নাম সংশোধন করা এবং স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণের জন্য আমরা চেষ্টা করছি সেবা দিতে , তিনি বলেন সেবা নিতে এসে কেউ যেন কোন দালারের খপ্পরে না পড়ে এজন্য সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।

বেগম রোকেয়া দিবসে সম্মানিত হলেন আশ্বাস প্রকল্পের সফল নারী মেরি পারভীন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে“ শ্রেষ্ঠজয়িতা সম্মাননা প্রদান” অনুষ্ঠান ও আলোচনা সভা গতকাল ফুলতলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার খোশনুর রুবাইয়াৎ। অন্ষ্ঠুানে আরো উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমাজসেবা অফিসার মোঃ শাহিন আলম,ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।“শ্রেষ্ঠজয়িতা সম্মাননা প্রদান” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশা। আলোচনা সভায় অতিথি বৃন্দরা সংগ্রামী নারী বেগম রোকেয়ার জীবন কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বেগম রোকেয়ার জীবনের শিক্ষনীয় দিকসমূহ প্রত্যেকেদের জন্য অনুকরনীয় ও অনুসরনীয় হিসাবে উল্লেখ করেন। আলোচকরা তাদের আলোচনায় নারী শিক্ষার প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন এবং বলেন নারীরা যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে আত্নকর্মসংস্থানের সাথে যুক্ত হতে পারে তাহলে সমাজ থেকে নারী নির্যাতনের হার অনেক কমে যাবে। আলোচনা সভা শেষে ৫ জন নারীকে উপজেলা পর্যায়ে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠজয়িতা সম্মানে সম্মানিত করা হয়। উল্লেখ্য জীবন সংগ্রামে জয়ী নারী হিসাবে উপজেলা পর্যায়ে সংগ্রামী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠজয়িতার সম্মাননা গ্রহন করেন সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশন কর্তৃক পরিচালিত এবং অগ্রগতি সংস্থা” কর্তৃক বাস্তবায়িত আশ্বাস প্রকল্পের সারভাইভার মেরি পারভিন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলতলা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্বোধন
সোহাগ হোসেন কলারোয়া
সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার (১১ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) আরিফুজ্জামান
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন ঘোষনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (সমাজকল্যাণ মন্ত্রাণালয়) সাতক্ষীরার ফিজিওথেরাপি
(অর্থো ও নিউরো ডাক্তার হাবিবুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ.সভাপতি সরদার জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু রায়হান, সোহাগ হোসেন প্রমূখ। উল্লেখ্য-জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (সমাজকল্যাণ মন্ত্রাণালয়) সাতক্ষীরার রসুলপুরে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধীতার ঝুকি আছে এমন ব্যক্তিদের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ববধায়নে সম্পুর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতি শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। অবশ্যই
২কপি পাসপোর্ট সাইজ ছবি, জন্ম সনদ, ভোটার আইডি (জাতীয় পরিচয়পত্র) এর ফটো
কপি সাথে আনতে বলা হয়েছে।

 

কলারোয়ায় ইউএনওর তত্ববধায়নে বীরনিবাস পাচ্ছেন ১২ মুক্তিযোদ্ধা পরিবার
কলারোয়া প্রতিনিধি
কলারোয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া বীরনিবাস পাচ্ছেন ১২ বীরমুক্তিযোদ্ধা পরিবার। ইতোমধ্যে ১১টি বীরনিবাসের পরিপূর্ণভাবে নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরেই এই বীরনিবাস হস্তান্তর করা হবে। সুদৃশ্যমান এই বাড়ি দেশ ও
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্থায়ী নিবাস হিসেবে রয়ে যাবে। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’র অধীন অসচ্ছল
বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এই বীরনিবাস বাস্তবায়নে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। বীরনিবাস নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের রমজান আহমেদ, জিয়াউর রহমান জানান, তারা ১২টির
মধ্যে ১১টি বাড়ির বিদ্যুৎ সংযোগসহ নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন করেছেন। একটি বাড়ির নির্মাণ কাজ এখনো সম্পন্ন হয়নি। সে বাড়িটি হলো বীরমুক্তিযোদ্ধা জিয়াদ আলীর বাড়ি। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সার্বিক সহযোগিতায় দ্রুত ও সঠিক ভাবে বীরনিবাস নির্মাণ হয়েছে এবং সঠিক সময়ে বীরমুক্তিযোদ্ধারা তাদের বীরনিবাস পেতে যাচ্ছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হওয়া ১১টি বীরনিবাস সরেজমিনে পরিদর্শনও করেছেন বলে জানা গেছে। এবিষয়ে ঘোষণা আসলেই এই বাড়ির বরাদ্দপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণের হাতে তুলে দেওয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, দৃষ্টিনন্দন এই
বাড়ির দৈর্ঘ্য ৩১.২২ ফুট ও প্রস্থ ২২.৮ ফুট। যেখানে থাকছে ৩টি রুম, ১টি বারান্দা, ১টি ডায়েনিং রুম, ১টি কিচেন ও ২টি টয়লেট। বিদ্যুৎ সংযোগসহ পানি সরবরাহ ব্যবস্থা তো থাকছেই। প্রবেশদ্বারেই রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। প্রতিটি বীরনিবাসের নির্মাণ ব্যয় ১৩লাখ
টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বীরনিবাস
পাচ্ছেন ১২জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাগণ। এরা হলেন- উপজেলার বোয়ালিয়া গ্রামের জিয়াদ আলি ও আব্দুল মালেক, কেঁড়াগাছি গ্রামের আশরাফ আলি, ভাদিয়ালি গ্রামের আবু দাউদ, বলিয়ানপুর গ্রামের আব্দুর রউফ, হিজলদি
গ্রামের আতিয়ার রহমান, সুলতানপুর গ্রামের নজরুল ইসলাম, মোহোর আলি ও আমজের
আলি, কিসমত ইলিশপুর গ্রামের শেখ নুরু হোসেন, পূর্ব কোটা গ্রামের আবুল কাশেম এবং দেয়াড়া গ্রামের মোজাফ্ফর আলি।

আজ খুলনা মহানগর শ্রমিক লীগের এক মত বিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি।।
আগামী ১৫ ডিসেম্বর রূপসার মোড়ে ২২, ২৮, ২৯, ৩০ ও ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বাদ মাগরিব খুলনা মহানগর শ্রমিক লীগের এক মত বিনিময় সভা রূপসা ঘাটে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২২, ২৮, ২৯, ৩০ ও ৩১নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুব শ্রমিক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও উক্ত ওয়ার্ড সমুহে খুলনা মহানগর শ্রমিক লীগের অন্তর্গত সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের উপস্থিত হওয়ার আহবান জানিয়ে এক বিবৃতি প্রদান করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।

কালিগঞ্জে তহশিলদার নন্দদুলালের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ
, কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার মথুরেশ পুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার নন্দলাল সরকারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি সহ নানাবিধ অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগসহ রবিবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টার সময় কালিগঞ্জ প্রেসক্লাবে ভুক্তভোগী সাদিকুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
লিখিত অভিযোগ এবং সংবাদ সম্মেলনের তথ্য মতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত গৌরচন্দ্র সরকারের পুত্র নন্দলাল সরকার বসন্তপুর ভূমি অফিসের তহশিলদার হিসাবে যোগদান করার পর হতে এলাকার মানুষ ঘুষ দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। ভূমি মালিকদের জিম্মি করে জমির খাজনা কাটতে গেলে স্টেটমেন্ট এর ভয় দেখিয়ে ২০/৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ২/৫ শ টাকার খাজনা রশিদ দিয়ে বিদায় করে দেয়। নামজারির ক্ষেত্রে সর্বনিম্ন ৬০০০ টাকা ক্ষেত্র বিশেষ ফাঁদে ফেলে ত্রুটির ভয় দেখিয়ে ২০/৪০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়াও অত্র ভূমি অফিসের অধীনে ঐতিহ্যবাহী প্রাচীন নাজিমগঞ্জ বাজারে পেরি পেরিভুক্ত সরকারী খাস জায়গা ইজারা এবং ইমারত নির্মাণের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকারি জায়গায় পাকাইমারাত দোকান তৈরি করতে তাকে টাকা দিলে রাতারাতি ইমারত নির্মাণ শেষ হয়। আর যদি টাকা দিতে না পারে ওই ভুক্তভোগী ব্যক্তি ইজারার নামে বছরের পর বছর তহশীল অফিসে ধরনা ধরতে হয়। আর এই সমস্ত টাকা উপজেলা ভূমিকর্মকর্তা, বড়বাবু, সার্ভেয়ার কে ঘুষ দেওয়ার নামে আদায় করা হয়। এছাড়াও বিজ্ঞ আদালত থেকে বিভিন্ন মামলার তদন্তের জন্য ন্যস্ত হলে ওই সমস্ত ভুক্তভোগী মালিকদের নিকট হতে তদন্ত রিপোর্ট পক্ষে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সংলগ্ন রাস্তা ঘেঁষে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ২০০৫ সালে তৎকালীন বিএনপি জামায়েত সরকারের এমপির দেওয়া কাবিখার ৪০ টন চাউল এর টাকা দিয়ে ৪টি ক্লাবের ভিট করা হয়। ওই সময় বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় লেখা লেখি হলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। উক্ত পানি উন্নয়ন বোর্ডের জায়গায় সনকা গ্রামের সাদিকুর রহমান নামে এক ব্যক্তি কিছু ইট খোয়া রেখে দেয়। উক্ত জায়গায় সনকা গ্রামের তালিকাভুক্ত যুদ্ধাপরাধী মৃত আব্দুর রহিমের পুত্র বিএনপি নেতা শেখ লুৎফর রহমান নিজের দাবি করে গত ২৩ জুন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় পিটিশন ১২২১ নং একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্তের জন্য সহকারি কমিশনার (ভূমি) কে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য আদেশ দেন। সহকারি কমিশনার (ভূমি) বিষয়টি তদন্তের জন্য তহশিলদার নন্দদুলাল কে নির্দেশ দেন।
নন্দদুলাল সরে জমিনে এসে তদন্ত করে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে একটি অসত্য রিপোর্ট বিজ্ঞ আদালতে পেশ করেন। এইভাবে মানুষকে তদন্তের নামে ফাঁদে ফেলে ঘুষ আদায় করে থাকেন। তবে এ বিষয়ে ঘটনার সত্যতা জানার জন্য তহশীলদের নন্দদুলাল সরকারের মুঠো ফোনে জানতে চাইলে তিনি ঘুষ দুর্নীতির বিষয়ে অস্বীকার করে বলেন আমি তদন্ত করে যেটা পেয়েছি সেটাই দিয়েছি। তবে নামজারি এবং খাজনা কাটার বিষয়ে মোটা অংকের টাকা নিয়ে কম টাকার রশিদ দেওয়া প্রসঙ্গে কোন সদুত্তর মেলেনি। বিষয়টি তদন্ত পূর্বক জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর (বুধবার) শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, সকাল ৯টা ১০ মিনিটে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টা ৩০ মিনিটে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১০.৩০ মিনিটে আলোচনা সভা, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, বেলা ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৫.৩০ মিনিটে শহিদ মিনার ও অদম্য বাংলায় প্রদীপ প্রজ্জ্বলন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৪০ মিনিটে উপাচার্যের নেতৃত্ব অদম্য বাংলায় শোভাযাত্রা সহকারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেলা ১২টায় অদম্য বাংলা চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী। এছাড়া দিবসটি উপলক্ষ্যে প্রশাসন ভবন, মেইন গেট, হাদি চত্বর পর্যন্ত রাস্তা ও গাছপালা, অদম্য বাংলা ও তৎসংলগ্ন গাছপালা, ক্যাফেটেরিয়া ইত্যাদি আলোকসজ্জা করা হবে।

শিক্ষা, গবেষণা ও উন্নয়নে খুবির সাম্প্রতিক অর্জন আশাব্যঞ্জক: প্রফেসর সাইফুদ্দিন শাহ্
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে ১১ ডিসেম্বর (রবিবার) দুপুরে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ্। উপাচার্য তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তার দায়িত্ব গ্রহণের পর গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়কে অভীষ্টে এগিয়ে নিতে এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও সিনিয়র শিক্ষক-গবেষক হিসেবে তাঁর সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন। এসময় তিনি প্রাক্তন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করেন। প্রাক্তন উপাচার্য তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, গত দু’দিন তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরেছেন, উন্নয়ন কার্যক্রম দেখেছেন। নতুন উপাচার্যের নেতৃত্ব সাম্প্রতিক বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নে যে অগ্রগতি হয়েছে তা অত্যন্ত আশাব্যঞ্জক বলে তিনি অভিহিত করেন। দৃশ্যমান উন্নয়ন এবং বিশেষ করে শিক্ষা-গবেষণায় যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে শীঘ্রই এ বিশ্ববিদ্যালয় বিশ্বমানে উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনার যে প্রকল্প নেওয়া হয়েছে তা অত্যন্ত পরিবেশবান্ধব। তিনি উপাচার্যের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিমসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

খুবি উপাচার্য সকাশে সাইআর্ক পরিচালক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে ১১ ডিসেম্বর (রবিবার) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাপী পুরাকীর্তি ও ঐতিহ্য স্থাপনা ডিজিটালি সংরক্ষণকারী প্রতিষ্ঠান সাইআর্ক (ঈুধৎশ) এর প্রোগ্রাম এন্ড ডেভেলপমেন্টের পরিচালক কেসি হাদিক (কধপবু ঐধফরপশ)। তিনি উপাচার্যকে সাইআর্ক এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের উদ্যোগে এ অঞ্চলের পুরাকীর্তি ও ঐতিহ্য স্থাপনা ডিজিটালি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। উপাচার্য এ উদ্যোগকে ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা ও গবেষণার বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সাথে এ যৌথ উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর খো. মাহফুজ উদ দারাইনসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৯-১২ ডিসেম্বর থ্রিডি ডকুমেন্টেশন অব কালচারাল হেরিটেজ শীর্ষক ৪ দিনব্যাপী কর্মশালায় যোগ দিতে সাইআর্ক পরিচালক এবং প্রোডাকশন ম্যানেজার বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। স্থাপত্য ডিসিপ্লিনের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়েছে।

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে পিএইচডি গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপনা পর্যবেক্ষণ করলেন উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক বিধান চন্দ্র সরকারের পিএইচডি গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপনা পর্যবেক্ষণ করলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। ১১ ডিসেম্বর (রবিবার) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই গবেষণার চূড়ান্ত ফলাফল পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন গবেষক নিজেই। তিনি দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সূর্যমুখী চাষে নাইট্রোজেন ব্যবস্থাপনা এবং লবণাক্ততার প্রভাব এর উপর এই গবেষণা করেন। তার গবেষণার শিরোনাম হচ্ছে ‘নাইট্রোজেন ম্যানেজমেন্ট অব সানফ্লাওয়ার ইন ওয়েট এন্ড স্যালাইন সয়েল অব সাউথ ওয়েস্টার্ন কোস্টাল রিজিওন অব বাংলাদেশ’।
এই উপস্থাপনা অনুষ্ঠানে জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, তিনজন বিশেষজ্ঞ সদস্য যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর প্রফেসর ড. মো. আব্দুল করিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল কাদের এবং পশ্চিমবঙ্গের কল্যাণীস্থ বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. কৌশিক ব্রহ্মচারী ছাড়াও সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. বকতিয়ার হোসেন সশরীরে উপস্থিত এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন। উপস্থাপনা অনুষ্ঠানে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর খন্দকার কুদরতে কিবরিয়া, পিএইচডি গবেষণা সুপারভাইজার প্রফেসর ড. মো. এনামুল কবীর, কো-সুপারভাইজার প্রফেসর ড. মো. ইয়াছিন আলী ও অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির প্রফেসর ড. রিচার্ড ডব্লিউ বেল, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এই গবেষণাকর্মটি সম্পাদিত হচ্ছে।

কচুয়া প্রেসক্লাব নির্বাচনে নিয়াজ সভাপতি, সাইদ সম্পাদক
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে পুনরায় সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন খোন্দকার নিয়াজ ইকবাল (ভোরের পাতা) ও কাজী সাইদুজ্জামান সাইদ (ভোরের কাগজ)। রবিবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রেসক্লাব পরিচালনা কমিটির আহবায়ক তুষার রায়ের নির্বাচনে সহ সভাপতি পাইক সমীর বরণ (দি ডেইলি ট্রিবিউন), যুগ্ম সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু (আজকের সংবাদ), অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা (দৈনিক কালান্তর), নির্বাহী সদস্যে তুষার কান্তি রায় রনি (দৈনিক সুন্দরবন), সুপার্থ কুমার মন্ডল (নিউজ টুডে), খান সুমন (দেশ সংযোগ), প্রদ্যুৎ কুমার মন্ডল (আমাদের অর্থনীতি ) নির্বাচিত হয়েছেন।

বাগেরহাটে সুপেয় পানির দাবিতে ওয়াটার মার্চ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির সর্বজনীন, ন্যায্য ও টেকসই প্রবেশ গম্যতা নিশ্চিত করতে সরকারি বরাদ্দ ও বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করা, এলাকা ভিত্তিক বড় বড় পুকুর, খাল, জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা, খাসজমিতে মিঠা পানির আধার তৈরি করার দাবিতে ওয়াটার মার্চ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২২ উপলক্ষে (রবিবার)সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া ওয়াটার মার্চটি মংলায় শেষ হয়। পানি অধিকার মানবাধিকার, উপকূলীয় সকল মানুষের পানি অধিকার নিশ্চিত কর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবংএকশন এইড বাংলাদেশ এর আয়োজনে উপকূলজুড়ে পানি অধিকার প্রচারাভিযানের অংশ হিসাবে এ ওয়াটার মার্চ অনুষ্ঠিত হয়।
সারাদিন ব্যাপি এ ওয়াটারমার্চে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার যুব, নারী, পুরুষ, পানি সংকটে ক্ষতিগ্রস্ত জনগণসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এ ওয়াটার মার্চে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঁধনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার, মো: রবিউল ইসলাম, মনিটরিং অফিসার ফারজানা ববি, ফিল্ট ফ্যাসিলেটেটর সেখ শামীম হাচান, শরিফুল ইসলাম সোহান, শায়েলা শিমু, ট্রেইনি অফিসার সামিয়া আক্তার রুপা, এচাড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে বক্তব্য রাখেণ। বক্তারা জানান,বাংলাদেশে উপকূলীয় জনগোষ্ঠীর পানি অধিকার সুরক্ষা করা না গেলে অন্যান্য মৌলিক মানবাধিকারও তাতে ক্ষুন্ন হবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পানির সংকট নতুন নয়। সুপেয় পানির সংকট উপকূলীয় ঝুঁকি গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ। একদিকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে পানির উৎস গুলোর লবণাক্ততা, অন্যদিকে ভূ-নিম্নস্থ পানির স্তর নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপেও পানি উঠছে না। উপকূলীয় জনগোষ্ঠীর সুপেয় পানি সংকটকে সুপেয় পানি অধিকার নিশ্চিত করতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণের উপর বক্তারা গুরুত্বারোপ করেন।

মোরেলগঞ্জে দলিল লেখকদের প্রতিবাদ সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে দলিল লেখকদের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সাবরেজিষ্ট্রি অফিস ও দলিল লেখকদের সম্মন্ধে বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবদে উপজেলা দলিল লেখক সমিতি রবিবার বেলা ১২টার দিকে লঞ্চঘাট এলাকায় এ সভা করেন। সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক শেখর চন্দ্র রায় ও মো. বাদশা মিয়া। বক্তারা বলেন, মোরেলগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে কোন অনিয়ম, দুর্নীতি কখনো হয়না। একটি মহল অনৈতিক সুবিধা না পেয়ে মনগড়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। ভবিষ্যতে যাচাই-বাছাই না করে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করলে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।

বাগেরহাটে নারীর প্রতি সহিংসতার কারণ ও প্রতিকার বিষয়ে কর্মশালা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে নারীর প্রতি সহিসংতার কারণ ও প্রতিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) দিনব্যাপি বাগেরহাট শহরের ধানসিড়ি মিলনায়তনে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর পজেটিভ চেঞ্জ জেন্ডার এ্যান্ড হার্মফুল বিহ্যাবিয়ার ফর ইনক্লুসিভ এ্যান্ড রেজিলিয়েন্ট কমিউনিটিজ প্রকল্পের অধীনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, আরআরএফের প্রকল্প সমন্বয়ক নার্গিস সুলতানা পিয়া, প্রশিক্ষন কর্মকর্তা তাপস কুমার দত্ত প্রমুখ।
কর্মশালায় নারীর প্রতি সহিংসতার কারন ও প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সাথে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের গনমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও নারী নেত্রীগণ অংশগ্রহন করেন।

পাইকগাছায় এনএসবি ইটভাটা দখল করে ফাইভ ষ্টার ইটভাটা নামে পরিচালনার প্রতিবাদে মানব বন্ধন

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় এনএসবি ইটভাটা অবৈধ ভাবে দখল করে ফাইভ ষ্টার ইটভাটা নামে পরিচালনার প্রতিবাদে মানব বন্ধন হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলার বোয়ালিয়া মোড়ে এনএসবি ইটভাটায় পাওনাদাররা এ মানববন্ধন করে। এ সময় মোঃ শাহাজাহান সরদারের সভাপতিত্বে মাববন্ধনে বক্তব্য রাখেন,শেখ সরোউদ্দী, আব্দুর রাজ্জাক শেখ, শের আলী গাজী, নূর আলী গাজী, কামরুল সরদার, জামশেদ হোসেন মুন্না, আলতাফ হোসেন, সাত্তার সরদার, রফিকুল সরদার, আব্দুল্লাহ সরদার, ইকবাল সরদার, ইকবল মোড়ল, মিজানুর গাজী, মুজিবর গাজী, হাবিবুর রহমান, মোসলেম গাজী, ফারুক শেখ, শহিদুল সরদার, কদম সরদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি মৌজায় এনএসবি নামে একটি ইটভাটা শাহিন নামে একজন দির্ঘদিন পরিচালা করে আসছিলো। কিন্তু তিনি ঋনগ্রস্ত হয়ে পড়লে আসাদুল নামে এক ব্যক্তির বায়না পত্র করে টাকা নেয়। এ সুযোগে আসাদুল ভাটাটি দখল করে অন্যত্ররে মোটা টাকার বিনিময়ে ভাড়া দেয়। ওই ভাটায় শতধিক মানুষের প্রায় ৩ কোটি টাকা পাওনা রয়েছে। এ ঘটনায় পাওনাদাররা তাদের টাকা ফেরত পেতে বিভাগীয় কমিশনার সহ ৬ দফতরে অভিযোগ করেছে। সর্বশেষ রোববার সকালে বোয়ালিয়ার মোড়ে মানব বন্ধন করে।

শত্রুতার আগুনে পুড়ছে মহেশপুরের পানের বরজ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
এ কেমন শত্রুতা? আম্পানের ক্ষতি পুশিয়ে উঠতে না উঠতেই শত্রুতার কারনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো সাধন কুন্ডর তিন বিঘা জমির পানের বরজটি। ফায়ার র্সাভিসের কর্মীরা এসে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে তিন বিঘা জমির পানের বরজটি পুড়ে ছায় হয়ে গেছে।
এ ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর ২টার দিকে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার কৈলাশপুর গ্রামের মাঠে।
কৈলাশপুর গ্রামের হারুন ও ইমান আলী জানান, দুপুর ২টার দিকে হঠাৎ করে দেখতে পাই আমাদের মাঠের সাধন কুন্ডর পানের বরজটির দু’পাশ দিয়ে ধোয়া বের হচ্ছে। পরে আমরা পানের বরজের পাশে এসে দেখতে পাই বরজটিতে আগুন ধরে গেছে। তারা আরো জানান, এর কিছুক্ষনের মধ্যে ফায়ার র্সাভিস উপস্থিত হয়।
পানের বরজ মালিক সাধন কুন্ডু জানান, আম্পান ঝড়ে আমার বরজটি একেবারেই নষ্ট হয়ে যায়। পরে অনেক কষ্টে আমার তিন বিঘা জমির উপর বরজটি আবার নতুন করে তৈরী করেছি। কিন্তু কে বা কারা আমার বরজটি দিন দুপুরে আগুন দিয়ে পুড়িয়ে দিলো। তিনি আরো জানান, আমার সাথে কারো কোন শত্রুতা নেই। কিন্তু তার পরও আমার বরজটি আগুন দিয়ে পুড়িয়ে দিলো।
মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান বলেন, বরজে খড়ের ছাউনি ও কলাপাতার বেড়া হওয়ায় মুহুর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পরে। আমাদের কর্মীরা ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রে আনতে সক্ষম হয়। ততক্ষনে সাধন কুন্ডুর ৩বিঘা জমির বরজ পুরে যায়।

ডুমুরিয়ায় পরিযায়ী পাখি ও বন্যপ্রানী সংরক্ষণ বিষয়ক সভা
ডুমুরিয়া প্রতিনিধি
“আমরাই পারি বন্যপ্রানী বাঁচাতে” শ্লোগান কে সামনে রেখে ডুমুরিয়ায় পরিযায়ী পাখি ও বন্যপ্রানী সংরক্ষণ বিষয়ক এক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা শহীদ যোবায়েদ আলী মিলনায়তনে বন অধিদপ্তর পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়াধীন বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট ঢাকা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু। সভায় স্বাগত বক্তব্য ও বন্যপ্রানী রক্ষার্থে করণীয় শীর্ষক বিশাদ আলোচনা উপ¯’াপন করেন বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট ঢাকার রেঞ্জ কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। উপজেলা বন কর্মকর্তা লিয়াকত আলী, এসআই লক্ষ্মণ দাশ, বায়েজিদ বোস্তামী, শেখ জসিম উদ্দিন প্রমুখ। উপ¯ি’ত ছিলেন সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরিবেশ উপমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরনী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার ছয় দিনের সফরে আজ ১২ ডিসেম্বর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ১৩ থেকে ১৬ ডিসেম্বর বাগেরহাট ও খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। উপমন্ত্রী ১৭ ডিসেম্বর ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসের কর্মসূচি
তথ্য বিবরনী
খুলনা জেলা প্রশাসন ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ঢাকায় আয়োজিত জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি’।

আজ ১২ ডিসেম্বর সকাল সাড়ে আটটায় শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসের মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

চড়ুই পাখির প্রজনন ও বংশবিস্তাওে অনুকরণীয় দৃষ্টান্ত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় চড়ুই পাখির নিরাপদ আবাসস্থল ও প্রজননের জন্য অভয়াশ্রমে বেঁধে দেয়া হচ্ছে রং-বেরংয়ে বিভিন্ন ধরণের বাসা। যাতে সেই বাসায় প্রজনন ঘটাতে পারে পাখিগুলো। তাহলেই অনেকটা বিলুপ্তির পথে থাকা এ পাখির সংখ্যা যেমনি বাড়বে, তেমনি প্রকৃতিতে চড়ুইর অস্বিত্ব টিকে থাকবে। আর চড়ুই পাখির অস্বিত্ব টিকিয়ে রাখতে স্বেচ্ছায় অভয়াশ্রমে বাসা বেঁধে দেয়ার কাজ করছেন পাঁচ ফোড়ন শিল্প পরিবারের একদল যুবক। পাঁচ ফোড়ন শিল্প পরিবারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের এ কাজে সার্বিক সহায়তা প্রদাণের কথা আশ্বাস দিয়েছেন পৌর মেয়র।

চড়ুই, সকলের কাছেই একটি পরিচিত ছোট পাখি। যা আগে হরহামেশা দেখা যেত প্রায়ই বাড়ীঘরে। ঘর ছাড়াও বাড়ীর গাছপালায় দেখা মিলতো এ চড়ুই পাখির। খড়-কুটো দিয়ে মানুষের বসত ঘরের মধ্যে, বারান্দায়, চালের কোনায় ও বাড়ীর গাছের ডালে বাসা বেঁধে থাকতো এ পাখি। কিন্তু এখনকার ইট-পাথরের বাড়ীঘরে আর দেখা মেলেনা এ চড়ুই পাখির। কারণ পাকা কংক্রিটের ঘরবাড়ীতে আর বাসা বাঁধার সুযোগ/জায়গা নেই তাদের। তাই এখন চড়ুইর দেখা মেলাটাও কঠিন হয়ে পড়েছে। শহরের মানুষও এখন ভুলতে বসেছে সেই চড়ুই পাখিকে। গ্রামের বাড়ীঘর ও গাছপালায় মাঝে মধ্যে দেখা মিললেও শহরের বাড়ীঘরে-গাছে এখন আর তা তেমন একটা চোখে পড়ছেনা চড়ুই পাখি।
তবে মোংলা পৌর শহরের শেখ আ: হাই সড়কের মাঝখানের ডিভাইডারের গাছপালা এখন চড়ুই পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। এ বছর এ গাছগুলোতে বিপুল সংখ্যক পাখির আনাগোনা ও কিচিরমিচির শব্দে সকাল ও সন্ধ্যা মুখরিত হচ্ছে। দুই বছর ধরে ডিভাইডারের গাছগুলোতে চড়ুইর অভয়াশ্রমে পরিণত হলেও চলতি বছরের শীতের শুরু থেকেই পাখির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

স্থানীয় দোকানী দীনেশ সাহা ও সুরেশ্বর হোটেল মালিক মোঃ দেলোয়ার হোসেন বলেন, শহরের শেখ আ: হাই সড়কের রিমঝিম সিনেমা হল থেকে শুরু করে মদিনা হোটেল পর্যন্ত সারিসারি গাছগুলোতে আশ্রয় নিয়ে থাকছে কয়েক হাজার চড়ুই পাখি। আর তা দেখার জন্য এখানে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তারাও এক একটি গাছে থাকা শতশত পাখি দেখে ও কিচিরমিচির ডাক শুনে এক ধরণের আনন্দ এবং প্রশান্তি উপভোগ করছেন। আর এই পাখির নিরাপদ আবাস সৃষ্টি ও প্রজননের জন্য কাজ শুরু করেছেন স্থানীয় পাঁচ ফোড়ন শিল্প পরিবার নামের একটি সংগঠন। এ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিজেদের পকেটের টাকা দিয়ে মাটির হাঁড়ি, প্লাস্টিকের বোতল ও টিনের কৌটা কিনে তা বেঁধে দিচ্ছেন গাছে গাছে।

পাঁচ ফোড়ন শিল্প পরিবার’র পরিচালক শেখ মেহেদী হাসান জিকো, জ্যোতি হালদার ও সদস্য নয়ন পোদ্দার বলেন, গাছগুলোতে কোন বাসা নেই, গাছের ডালে ডালে পাখিগুলো থাকছে। তাই তাদের নিরাপদ আবাস ও প্রজননের জন্য মাটির হাঁড়ি, টিনের কৌটা ও প্লাস্টিকে উপকরণ দিয়ে বাসা তৈরি করে তা বেঁধে দেয়া হচ্ছে। গাছে বাঁধা এ বাসাগুলো পাখির প্রজননে সহায়ক হবে। ফলে এতে বৃদ্ধি পাবে চড়ুইর সংখ্যাও। সেই সাথে হবে টেকসই আবাসস্থলও। শুধু শহরের এ প্রধান সড়কই নয়, মেরিন ড্রাইভের গাছগুলোতে এমন বাসা বেঁধে দেয়ার কাজও করতে চাই আমরা। সেক্ষেত্রে আমাদের সহায়তার প্রয়োজন। সহায়তা পেলে আমাদের এ কার্যক্রম আরো ব্যাপক ও বেগবান হবে। এ কার্যক্রম সম্পন্ন হলে মোংলায় আগত দর্শনার্থীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে এ পাখির বাসাগুলো। মাটির হাঁড়িতে রং করে ও আল্পনা দিয়ে সাজানো হয়েছে। যা সকলের দৃষ্টি আকর্ষণ করছে।

মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, পৌর শহরের প্রধান সড়কের গাছগুলোতে পাখির জন্য বাসা বেঁধে দেয়ার কাজ করা পাঁচ ফোড়ন শিল্প পরিবারের সংগঠনটিকে আন্তরিক সাধুবাদ জানাই। আমি তাদের এ কাজে সার্বিক সহায়তা করবো। মেয়র আরো বলেন, চড়ুই পাখি এখন বিলুপ্তির পথে, তাদের প্রজনন ও সুরক্ষায় সকলের সহায়ক ভূমিকা পালন করা উচিত। আশা করবো পাঁচ ফোড়নের মত অন্যান্যরাও পাখি ও প্রাণীর প্রতি যত্নশীল হবেন, তাতে পরিবেশ এবং প্রকৃতির ভারসম্য বজায় থাকবে।

শুধু পাখির প্রেমেই নয়, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারী আত্মপ্রকাশ হওয়া ৩০ সদস্যের পাঁচ ফোড়ন শিল্প পরিবার সমাজ সচেতনায় নানামুখী কাজ করে আসছেন। সংগঠনটি বিগত সময়ে মঞ্চ নাটক, বসন্ত উৎসব, ফ্রি রক্তাদান, দুস্থদের ফ্রি চিকিৎসা সেবাসহ নানা কাজে সার্বিক সাহায্য সহযোগীতার কাজ করে স্বল সময়ে স্থানীয়ভাবে ব্যাপক সুনাম ও খ্যাতি অর্জন করেছেন। তাদের মত অন্যরাও পাখি সংরক্ষণসহ সমাজ উন্নয়নের কাজে এগিয়ে এলে সমৃদ্ধ হবে সমাজ, প্রকৃতি ও পরিবেশ।

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
নিপা ভাইরাস থেকে রক্ষা পেতে খেজুরের কাঁচা রস না খাওয়া পরামর্শ সিভিল সার্জন’র
তথ্য বিবরণী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর-২২ মাসের সভা রবিবার সকালে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান সভায় জানান, আগের তুলনায় খুলনার আইনশৃঙ্খলা ভাল অবস্থানে রয়েছে। এর ধরাবাহিকতা বজায় রাখতে হলে সকলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ সভায় জানান, করোনা ভাইরাস এবং ডেঙ্গু প্রতিরোধে জেলা উপজেলা কমিটি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। খুলনা জেলায় করোনা ভাইরাসের প্রথম ডোজ শতভাগ সম্পন্ন করা হয়েছে। মোট ৫৭ লাখ ৩৩ হাজার ৯১৯ ডোজ করোনা টিকা প্রদান করা হয়েছে। গত ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পেইনে ৪৩ হাজার ৪৭৮ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। জেলায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সর্তক থাকতে হবে। এ পর্যন্ত ২৫৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ২৪৫ জন রোগী বাড়ি ফিরেছেন এবং ৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। নিপা ভাইরাস থেকে রক্ষা পেতে খেজুরের কাঁচা রস না খাওয়া পরামর্শ দেন সিভিল সার্জন।

কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (নর্থ) মোঃ মোসফেকুর রহমান সভায় জানান, সিটি কর্পোরেশন এলাকায় মাদক, ইয়াবা ও ফেনসিডিল সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এছাড়াও সকল ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম চলমান আছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান সভায় জানান, বিগত নভেম্বর মাসে জেলায় ১৪১ টি মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধের কারণে ১৬৭ জনকে আসামী করে ১২৯টি মামলা দায়ের করা হয়েছে। এসময় আলামত হিসেবে ১৮ কেজি ২৬ গ্রাম গাঁজা, ২টি গাঁজার গাছ, ৪৬৫৫ পিস ইয়াবা, ২৭০ বোতল ফেনসিডিল, এ্যালকোহল ৫.৪ লিটার, হেরোইন ৩ গ্রাম ও ২ বোতল দেশীয় মদ জব্দ করা হয়েছে।

জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা সভায় জানান, জেলার চারটি উপজেলায় ৪টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে ১৯টি উঠান বৈঠক করা হয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কাজ করে যেতে হবে। রপ্তানিযোগ্য চিংড়ি মাছে অপদ্রব্য পুশের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। বাল্যবিবাহ বন্ধ করতে সংশ্লিষ্টদের আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সকল মসজিদে নামাজের পরে এ বিষয়ে ইমামদের দিক নিদের্শনামূলক বক্তব্য দেওয়ার অনুরোধ করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত নভেম্বর মাসে ১৪৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৫টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে নভেম্বর মাসে ১২৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৮টি কম।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, প্রেসক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

 

খুলনায় মহান বিজয় দিবসের কর্মসূচি
তথ্য বিবরণী
মহান বিজয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হবে। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। একই স্থানে সকাল ৮-৪০টায় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল,কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লসগাইড এর অংশগ্রহণে কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ঐ দিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলা ও উপজেলা সদরে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল, কাবাডি ও হাডুডু খেলার আয়োজন করবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ১৬ ডিসেম্বর বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি’র আয়োজনে শহিদ হাদিস পার্কে মুক্তিযুদ্ধের ওপর স্থিরচিত্র প্রদর্শন করা হবে। ১৬ ডিসেম্বর খুলনা বিভাগীয় জাদুঘর ও ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র স্মৃতি জাদুঘর সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জনসাধারণের জন্য উম্মুক্ত রাখা হবে। বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হবে। দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও শিশুসদনসমূহে বিশেষ খাবার পরিবেশন করা হবে। নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য বিআইডব্লিউটিএ রকেট ঘাটে বেলা দুইটা হতে সূর্যাস্ত পর্যন্ত উম্মুক্ত রাখা হবে।
১৬ ডিসেম্বর বাদজোহর বা সুবিধাজনক সময়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী জনমত সৃষ্টির জন্য আলোচনা সভার আয়োজন করা হবে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদযোহর বা সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিকাল তিনটায় মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান এবং বিকাল সাড়ে তিনটায় খুলনা জেলা স্টেডিয়ামে কেসিসি বনাম জেলা প্রশাসন একাদশের মধ্যে প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ঐ দিন সন্ধ্যা ছ’টায় খুলনা শহিদ হাদিস পার্কে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ঐদিন নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় সংবাদপত্রসমূহ বিশেষ নিবন্ধ, সাহিত্য-সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করবে। শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দিয়ে সজ্জিত করা হবে। বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাটে স্টিমার, লঞ্চ ও জাহাজ সজ্জিত করা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গিলাতলা শিশুপার্ক, বয়রা শিশু পার্ক ও খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশুপার্ক বিনাটিকেটে শিশুদের জন্য উম্মুক্ত রাখা হবে। ১৬ ডিসেম্বর শহিদ হাদিস পার্কে মুক্তিযুদ্ধভিত্তিক দুর্লভ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ১২ডিসেম্বর সকাল ১০টায় খুলনা কালেক্টরেট স্কুল কেন্দ্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর খুলনা শিশু একাডেমি শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে পূর্ব রূপসাঘাটে বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের মাজার প্রাঙ্গণে তাঁর বীরত্ব ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে।

দাকোপের লাউডোব ইউনিয়নে আওয়ামী সেচ্ছা সেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নে আওয়ামী সেচ্ছা সেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। লাউডোব ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১০ ডিসেম্বর শনিবার বিকাল ৪ টায় লাউডোবের খুটাখালী বাজারে অনুষ্ঠিত হয়। সেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির আহবাহক জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য, আইন বিচার বিভাগীয় সংসদীয় কমিটির স্থায়ী সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। সম্মেলনে তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে আওয়ামী সেচ্ছাসেবক লীগকে আরও গতিশীল করতে হবে। তিনি আরও বলেন আওয়ামী সেচ্ছাসেবক লীগ আওয়ামীলীগের সব সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে সেচ্ছাসেবক বাহিনী শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সেবায় ধারাবাহিক ভাবে ভুমিকা রাখে এক কথায় সেচ্ছাসেবকলীগ আওয়ামীলীগের ভ্যানগার্ট হিসাবে কাজ করে। ২০২৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী সেচ্ছাসেবক লীগ অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা সাধারন সম্পাদক এস এম আজিজুর রহমান রাসেল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য সরোজিত কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়াম্যান শেখ যুবরাজ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মানস কুমার রায়, সেচ্ছাসেবক লীগনেতা এফ এম হাবিবুর রহমান, সরোয়ার হোসেন গহন, কুমারেশ মন্ডল, মিল্টন, মোঃ কামাল হোসেন, আবু সালেহ বাবু, শেখ রায়হান হোসেন মুন্না, এসএম আসাদুর জামান নুর, অসিম গাইন, অনিমেশ রায় লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তপন রায়, বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপরাজিত মন্ডল অপু, সাধারন সম্পাদক নিহার মন্ডল, মির্জা সাইফুল ইসলাম টুটুল, পরিমল রপ্তান, প্রমুখ। সম্লেলনের উদ্বোধন করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা। সম্লেলনে অতিথি বৃন্দ আংশিক কমিটি ঘোষনা দেন এতে সভাপতি জয়ন্ত কুমার রায়, সহ-সভাপতি গৌতম মন্ডল, সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক দেবাশীষ কয়াল, মহিলা বিষয়ক সম্পাদক সপ্না বাইন।

 

ক্রেতার শরীর ঝলসে দিলেন দোকানদার!
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় চা দোকানদারের ছুঁড়ে মারা কেতলির গরম পানিতে পরান সাধু (৪৩)নামে এক ব্যক্তির মুখমণ্ডল ও শরীরের একাংশ ঝলসে গেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া সাধুঁখা পাড়ার সুদাম দাশের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পরান সাধু স্থানীয় মৃত দুলাল সাধুর ছেলে। তিনি একজন দিনমজুর ছিলেন।

আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরান সাধু রাত ৮ টার দিকে চা পান করে একটি পান চান। দোকানদার আরও চা বানতে ব্যস্ত থাকায় তার লুঙ্গি ধরে টান দিয়ে পানের কথা বলে। এ অপরাধে এ ঘটনা ঘটায়।

পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়ে ওই রাতেই থানা পুলিশ ঘটনাস্থল গেলে সংবাদ পেয়ে অভিযুক্ত সুদাম গা ঢাকা দেয় বলে জানান ওসি।

নড়াইলের বিছালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৮ সদস্যের অনাস্থা
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেমায়েত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন ওই ইউনিয়নের আট সদস্য।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ফখরুল হাসানের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন তারা।

অভিযোগপত্রে সই করা ইউপি সদস্যরা হলেন, আলী ইমাম সরদার, গাজী হাফিজুর রহমান, খন্দকার মঈন, জাহাঙ্গীর আলম, সাধন কুমার বিশ্বাস, পান্না বিশ্বাস, রাজিয়া বেগম ও হোসনেআরা বেগম।

অভিযোগে তারা উল্লেখ করেন, গত এক বছর ধরে চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক ইউপি সদস্যদের না জানিয়ে এলজিএসপি, এডিবিসহ বিভিন্ন সরকারি ভাতার কাজ গোপনে একা বাস্তবায়ন করছেন। অধিকাংশ কাজে চরম অনিয়ম ও দুর্নীতি হয়েছে। অনিয়মের বিরুদ্ধে কথা বলায় গত ৮ ডিসেম্বর চেয়ারম্যান তার বাহিনী দিয়ে হামলা চালিয়ে কয়েকজন সদস্যকে আহত করেন। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা।

মামলার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, তদন্ত করে প্রকৃত ঘটনা জেনে বিস্তারিত জানানো যাবে।

এ বিষয়ে জানতে বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেনের মোবাইলফোনে একাধিকবার কল করলে ও তিনি ফোন রিসিভ করেননি।

তবে অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ফখরুল হাসান বলেন, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাতের আঁধারে কৃষকের ৬০০ কলাগাছ কেটে ফেলেছে কারা?
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে রাতের আঁধারে এক কৃষকের ৬০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে সদর উপজেলার দামুকদিয়া গ্রামে মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক করিমপুর গ্রামের বাসিন্দা বসির লস্কর বলেন, ‘নিজের দুই বিঘা জমিতে ছয় শতাধিক কলাগাছ লাগিয়েছিলাম। কিছুদিনের মধ্যে কলা বিক্রি শুরু করতে পারতাম। শনিবার রাতে কে-বা কারা আমার সব কলাগাছ কেটে ফেলেছে। রবিবার সকালে বাগানে গিয়ে প্রায় সবগুলো কলাগাছ কাটা দেখতে পাই। এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।’

সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে জানিয়ে বসির লস্কর বলেন, ‘আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে। কিন্তু ফসলের সঙ্গে যারা শত্রুতা করলো তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ নিয়ে থানায় অভিযোগ দেননি ওই কৃষক। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’