Home আঞ্চলিক ‘বীরনিবাস’ পেয়ে খুশি তাঁরা

‘বীরনিবাস’ পেয়ে খুশি তাঁরা

13

 

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়া শহরের আড়ূয়াপাড়ার আবদুল জলিল সড়কের বাসিন্দা নাহিদা হোসেন। ২০ বছর আগে মুক্তিযোদ্ধা স্বামী আক্কাস আলী মারা যাওয়ার পর ৬ ছেলেমেয়ে নিয়ে পড়েন বিপাকে। ছেলেমেয়েদের নিয়ে মাথা গোজার ঠাঁই ছিল না তাঁর। থাকতেন জরাজীর্ণ ঘরে। সরকারের দেওয়া ভাতায় সংসার কোনো রকমে চলে। নিজের ৩ শতক জায়গা থাকলেও বাড়ি করার সামর্থ্য ছিল না। এ অবস্থায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প থেকে পেয়েছেন ভবন। ‘বীরনিবাস’ নামের এ ভবন পেয়ে খুশি নাহিদা ও তাঁর পরিবারের লোকজন।
নাহিদার মতো জাফিরন নেসা, দুলাল কুমার চক্রবর্তীদের মতো জেলার আড়াই শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারেও বইছে আনন্দের বন্যা। শেষ বয়সে এসে থাকার ঘর পেয়ে খুশি তাঁরা।

জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড সূত্রে জানা গেছে, জেলায় সব মিলিয়ে দুই কিস্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২৫৫টি ভবন। এর মধ্যে দৌলতপুরে ৭০টি, মিরপুরে ৫৯টি, সদরে ৪৭টি, কুমারখালীতে ৫১টি, খোকসায় ৩২টি ও ভেড়ামারায় ২৮টি।
প্রতিটি ঘর নির্মাণের বরাদ্দ ১৪ লাখ টাকার বেশি। ৩ শতকের একটু বেশি জায়গার ওপর এসব ঘর নির্মাণ করা হয়। প্রতিটি একতলা ভবনে আছে তিনটি শোবার কক্ষ, দুটি শৌচাগার, ড্রয়িং, রান্নাঘর ও বারান্দা। চলতি মাসের মধ্যে বেশিরভাগ হস্তান্তর করা হবে।
আড়ূয়াপাড়া এলাকার বাসিন্দা নাহিদা হোসেন বলেন, প্রায় ২০ বছর আগে মুক্তিযোদ্ধা স্বামী মারা যান। এরপর ছেলেমেয়েদের নিয়ে বিপাকে পড়েন। তখন সংসার চালাতেই হিমশিম খেতে হয়। ভাই ও আত্মীয়স্বজনদের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে কোনো রকমে খেয়ে, না খেয়ে তাদের লেখাপড়া চালিয়ে যায়। পরে বর্তমান সরকার ভাতার অর্থ বাড়িয়ে দিলে সমস্যা কিছুটা কমে আসে। ঘর ছিল না। নতুন ঘর পেয়েছি। কোনোদিন আশা করিনি, দালান বাড়িতে থাকতে পারব। সেই শখও শেখ হাসিনা পূরণ করলেন। এখন আর কোনো কষ্ট নেই।

নাহিদার বাড়ি থেকে কিছুদূর এগিয়ে মূল সড়কের পাশেই জাফিরন নেসার বাড়ি। তাঁর সন্তানরা প্রতিষ্ঠিত। তবে জাফিরন থাকতেন টিনের ঘরে। সেই ঘর সরিয়ে নতুন একতলা ভবন নির্মাণ করে দেওয়া হয়েছে।
জাফিরন নেসা বলেন, ‘খুবই আনন্দ লাগছে। হাসিনা আমাকে ঘর দিয়েছেন। তাঁর জন্য সবসময় দোয়া করি। এমন ঘর পেয়ে সবাই খুশি। ঈদের মতো আনন্দ চলছে। আমি আর কই দিনই বাঁচব, অনেক বয়স হয়েছে। শেষ বয়সে এসে ঘর পাব ভাবিনি।’

মিলপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা দুলাল কুমার চক্রবর্তী ঘর পেয়েছেন বিজয়ের এ মাসে। বাকিটা জীবন ভালোভাবে কাটাতে পারবেন বলেও জানান তিনি।
এ ধরনের কাজে যুক্ত থাকতে পেরে গর্বিত মনে করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস জানান, অসচ্ছল মুক্তিযোদ্ধা যাঁদের জমি আছে ঘর করার সামর্থ্য নেই, তাঁদের বাছাই করে এ ঘর দেওয়া হচ্ছে। ২২টি ঘর হস্তান্তরের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। বাকিগুলোর কাজও শেষ পর্যায়ে।