খুলনাঞ্চল ডেস্ক।।
২০২২ সালে বিশ্বজুড়ে বেড়েছে সাংবাদিক হত্যার ঘটনা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান, হাইতিতে বিশৃঙ্খলা এবং মেক্সিকোর সন্ত্রাসী গ্যাংগুলোর উৎপাত এর পেছনে দায়ী। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)-এর সর্বশেষ রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এ বছর মোট ৬৭ সাংবাদিক নিহত হয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৪৭।
এ বছর সবথেকে বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন ইউক্রেনে। দেশটিতে চলছে রাশিয়ার সামরিক অভিযান। রাশিয়াকে ঠেকাতে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। ফলে গত ৯ মাস ধরে সেখানে সংঘাত চলছে। আর এই সংঘাতেই প্রাণ হারিয়েছেন ১২ সাংবাদিক। তাদের বেশিরভাগই ইউক্রেনের সাংবাদিক।
তবে বিদেশি গণমাধ্যমগুলোর সাংবাদিকরাও আছেন মৃতের তালিকায়। যুদ্ধ শুরুর প্রথম কয়েক সপ্তাহে সবথেকে বেশি সাংবাদিক মারা গেছেন।
জাতিসংঘের মানবাধিকার দিবস উপলক্ষে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এতে আরও দেখা গেছে, হত্যা ছাড়াও সাংবাদিকদের উপরে নির্যাতনের ঘটনাও বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর কারাগারে থাকা সাংবাদিকের সংখ্যা ১০ জন বেশি ছিল। তাদের বেশিরভাগই চীন, মিয়ানমার, তুরস্ক, ইরান ও বেলারুশে। বিশ্বের দেশগুলোকে সাংবাদিকদের সুরক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে আইএফজে।
সংস্থাটির প্রধান অ্যান্থনি বেলাঞ্জার এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে ব্যর্থতা কেবলমাত্র তাদেরই উৎসাহিত করবে যারা তথ্যের অবাধ প্রবাহকে দমন করতে চায়। আইএফজে আরও বলেছে, মেক্সিকোতে সন্ত্রাসী সংগঠনের ক্ষমতা বৃদ্ধি এবং হাইতিতে আইন-শৃঙ্খলার পরিস্থিতির ভাঙ্গন সাংবাদিক হত্যাকাণ্ড বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এ বছর মেক্সিকোতে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ বছর ছিল। সেখানে যুদ্ধ চলছে না অথচ সাংবাদিকরা নিরাপদ নেই। দেশটি এ বছর যুদ্ধক্ষেত্রের বাইরে সাংবাদিকদের জন্য সবথেকে বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। উল্লেখ্য, ব্রাসেলস-ভিত্তিক আইএফজে বিশ্বের ১৪০টি টিরও বেশি দেশে ৬ লাখের বেশি মিডিয়াকর্মীর প্রতিনিধিত্ব করে।











































