যশোর অফিস।।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, যশোর থেকে যেসব বিএনপি নেতারা ঢাকার সমাবেশে যাবেন তাদের কিন্তু আর যশোর ফিরে আসা হবে না। এ জেলায় আওয়ামী লীগের যত পরিবহণ শ্রমিক আছেন তারা কিন্তু স্ট্যান্ডে স্ট্যান্ডে লক্ষ্য রাখবেন কোন বিএনপি নেতা বাসে করে ঢাকায় যাচ্ছেন। তাদের কিন্তু ঢাকাতেই থেকে যেতে হবে। যশোরে আর ফিরতে পারবেন না। যে বিএনপি নেতার কথায় আপনারা ঢাকায় সমাবেশে যাবেন; সে কিন্তু আপনার ঘরের খবর রাখবে না। তাই বিএনপির নেতারা সাবধান হয়ে যান।
বৃহস্পতিবার বিকালে বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তৃতার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের দড়াটানা ভৈরব চত্বরে জেলা কৃষক লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
শাহীন চাকলাদার তার বক্তৃতায় বারবার যশোর জেলা বিএনপি নেতাকর্মীদের হুমকি দেন। তিনি বলেন, যশোরে বিএনপি সমাবেশ করলে খবর আছে। এই যশোরে যারা উন্নয়ন করেছে, গরিব দুখী মানুষের পাশে আছে তারাই শুধু সমাবেশ করার সুযোগ পাবে।
জেলা বিএনপি নেতাদের উদ্দেশ্য তিনি বলেন, আসেন না খেলতে! পুলিশ আপনাদের দিয়ে দিলাম। পুলিশ বাদেই আপনাদের সঙ্গে খেলা হবে। আমরা খেলতে জানি। এর আগেও আপনাদের বহু খেলা দেখাইছি এই যশোরে। আজ থেকে আমাদের পাহারা শুরু হয়ে গেছে।
জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী বাহাউদ্দীন ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।
এর আগে প্রতিবাদ সমাবেশ উপলক্ষে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল সহকারে সমাবেশে যোগ দেন জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল দড়াটানা ভৈরব চত্বর।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু বলেন, রাজনৈতিক মাঠে তারা কি বক্তব্য দিল সেটা আলোচ্য বিষয় নয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় একটা দলের নেতাকর্মীদের সমাবেশে যেতে বাধা দেওয়ার হুমকি এটা রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না। রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে তিনি এসব মন্তব্য করেছেন। এটা সম্পন্ন রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। কোনো পেশিশক্তি দিয়ে নয়; রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করাই রাজনৈতিক নেতাদের দায়িত্ব বলে মনে করি।











































