সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় গ্রেফতার হওয়া মো. এরশাদ (৩৬) নামে এক ব্যক্তিতে আন্তঃজেলা চোর চক্রের সদস্য সন্দেহে আটকের পর দুইদিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত পাঁচ নভেম্বর আদালত চোর চক্রের দুইদিনের রিমান্ড মঞ্জুর করে। ৬ ও ৭ নভেম্বর জিজ্ঞাসাবাদে সে চুরির দায় স্বীকার করে। এছাড়া গ্রেফতার হওয়া এই চক্রের আরেক সদস্য হলো মো. হাসান (৩২)। পুলিশ জানিয়েছেন, নারায়নগঞ্জের বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে মো. এরশাদ জানায়, তারা বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মালামাল চুরি করে বাজারে বিক্রি করতো। এছাড়া তারা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন কেন্দ্র এবং শেখ রাসেল ল্যাব থেকে মূল্যবান কম্পিউটার সামগ্রী চুরি করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঢাকার জুরাইনের এমএ কম্পিউটার নামের একটি দোকান থেকে ৪২ পিস প্রসেসর এবং ৪২ পিস র্যাম উদ্ধার করে। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা। তারা গত ৫/৬ বছর যাবত এই কাজ করে আসছিল। ১৭টি থানা থেকে সাতক্ষীরা থানায় বিষয়টি অবিহত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুর ২টায় সাতক্ষীরা সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাতক্ষীরা সদর সার্কেলের এএসপি মীর আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো. ফখরুল ইসলাম খান, ওসি, তদন্ত মো. মিজানুর রহমান।
সদর সার্কেলের এএসপি মীর আসাদুজ্জামান জানান, গত ৩০ নভেম্বর ওই দুই চোর সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাব থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরি করার উদ্দেশ্যে ৩ জন নাইটগার্ডকে বেঁধে রেখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ওই রাতেই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুই চোরকে ধরতে সক্ষম হয়।
মীর আসাদুজ্জামান আরও জানান, আটক দুই চোরের মধ্যে একজন বোবা ও আরেকজন কানে কম শোনে। এই চক্রের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিভিন্ন তদন্তকারী সংস্থা চোরচক্রটির বিষয়ে তদন্ত করতে মাঠে নেমেছে। খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।











































