যশোর অফিস।।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বিশেষ অভিযানের নামে যশোরে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। আতঙ্কিত নেতাকর্মীরা বাড়িতে না ঘুমিয়ে বাগানে রাত কাটাচ্ছেন বলে জানিয়েছেন।
এ অভিযানকে বিএনপি গণগ্রেপ্তার বলে দাবি করলেও পুলিশ বলছে, যাদের বিরুদ্ধে মামলা আছে, শুধু তাদেরই গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি নেতাদের অভিযোগ, নাশকতার অভিযোগে ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত জেলায় দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন শতাধিক। মামলাগুলোর বেশির ভাগ বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে করা হয়। বুধবার রাতে জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য মিজানুর রহমান খানের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এছাড়া একই রাতেই নগর বিএনপি ও যুবদলের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি নেতারা বলছেন, অভিযানে বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে অভিযান চালানো হবে— এমন আশংকা আগে থেকেই ছিল। কিন্তু অভিযান এতো জোরালো হবে, সেটি বোঝা যায়নি। গ্রেপ্তার এড়াতে নেতারা এলাকা ছেড়েছেন। কোন থানায় কে আটক হচ্ছেন বা কার নামে মামলা হচ্ছে— এ তথ্যও জানা যাচ্ছে না। তবে মামলা যতই হোক নেতাকর্মীরা ঢাকার সমাবেশে যোগ দেবেই।
জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু বলেন, ঢাকার সমাবশেকে বানচাল করতে সরকার গায়েবি মামলা দিচ্ছে। যতই হামলা-মামলা করা হোক, বিএনপির আন্দোলন থামানো যাবে না। আমরা সব বাধা উপেক্ষা করে ঢাকার সমাবেশ সফল করবো।
তিনি বলেন, বুধবার গভীর রাতেও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। প্রতি রাতেই বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গণগ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার আতংকে আছেন অনেকেই।
যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, পুলিশ আবারও গণগ্রেপ্তারে নেমেছে। গ্রেপ্তার আতংকে নেতাকর্মীরা বাড়িতে থাকছে না; বন জঙ্গলে রাত কাটছে তাদের।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, যাদের আটক করা হয়েছে, তারা বিএনপি নেতাকর্মী কি-না বলতে পারবো না। যাদের নামে মামলা রয়েছে, তাদেরই গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, কোনো গণগ্রেপ্তার বা অভিযান চালানোর তথ্য সঠিক নয়। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, শুধুমাত্র তাদেরই গ্রেপ্তার করা হয়েছে।











































